নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত ছাত্রলীগের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল শনিবার দুপুর ১২টায় উপাচার্যের কাছে এ স্মারকলিপি দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অন্য দাবিগুলো হচ্ছে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যার সঙ্গে জড়িত শিবির ক্যাডারদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, সাধারণ শিক্ষার্থীদের ওপর সব হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, বিভিন্ন সময়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের হাত-পায়ের রগ কাটার ঘটনায় জামায়াত-শিবিরের ক্যাডারদের শাস্তির ব্যবস্থার পাশাপাশি ভুক্তভোগীদের চিকিৎসার জন্য আর্থিক ক্ষতিপূরণ।
স্মারকলিপি দেওয়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অর্ণা জামান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক খালিদ হাসান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষসহ প্রায় ১০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ আগস্ট উপাচার্য দপ্তরের অপেক্ষমাণ কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়।