নেতাদের বাড়িতে 'সরকারি ঘর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নে জলবায়ু ট্রাস্ট তহবিলের ৫০টি পাকা ঘরের বেশির ভাগই আওয়ামী লীগের অবস্থাপন্ন নেতা-কর্মীরা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, নামে-বেনামে একজন একাধিক ঘরও পেয়েছেন। কেউ কেউ এসব ঘর বৈঠকখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাজে ব্যবহার করছেন। অথচ ইউনিয়নের বেশির ভাগ গরিব মানুষই ভাঙাচোরা খড়ের ঘরে বসবাস করছেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দেওয়া তালিকা অনুযায়ী ইউনিয়নে ৫০ জন ওই তহবিলের ঘর পান। ২০ সদস্যের ওই কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান। গত বছরের শুরুর দিকে এসব ঘরের খুঁটি ও ছাদের কাজ শেষ হয়। এরপর কাজ বন্ধ ছিল। বর্তমানে চারদিকের দেয়াল ও দরজা-জানালার কাজ চলছে।

গত মাসে ঘূর্ণিঝড় মহাসেনের পর মুজিবনগর ঘুরে দেখা যায়, কয়েক শ মানুষ বিধ্বস্ত খড়ের ঘরে খোলা আকাশের নিচে বসবাস করছেন। ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, মহাসেনে ইউনিয়নে খড়ের ৮০০ ঘর বিধ্বস্ত হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে বসবাস করা সিদ্দিক ফরাজী, সফিউল্যাহ, জরিনা বেগম, বিধবা শাহিনুর বেগম, ফাহিমা বেগম, আমান উল্যাহ মোল্লাসহ অনেকেই বলেন, তাঁদের ঘর অন্তত আধাপাকা হলেও ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ত না। কিন্তু তাঁরা ঘর পান না। ঘর দেওয়া হয় ধনীদের।

সম্প্রতি মুজিবনগরে গিয়ে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মালেক দুটি ঘর একত্র করে বাড়ির সামনে বৈঠকখানা বানাচ্ছেন। বাড়ির ভেতরে তাঁর বিশাল দোতলা টিনের ঘর। তিনি অবশ্য বলেন, ঘর দুটি তাঁর নয়, অন্যরা এসব ঘর তাঁর বাড়িতে নির্মাণ করছেন।

ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. ফরিদ মুজিবনগর বাজারে পাউবোর বাঁধের ওপর তাঁর ঘরটি নির্মাণ করেছেন। ঘরের ছাদের ওপর ডিশ-অ্যান্টেনা বসিয়ে কেব্ল ব্যবসা করছেন। তিনি দাবি করেন, ঘরটি তাঁর ভাই সফিক মোল্লার। পাকা ভবন না হলে অ্যান্টেনা বসানো যায় না বলেই তিনি ঘরটি ব্যবহার করছেন।

একই বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বশির আহামেঞ্চদ তাঁর ঘরে মুদি ব্যবসা করছেন। ইউনিয়নের চর মনোহর বেসরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা বেগমের স্বামী ও আওয়ামী লীগের কর্মী বেল্লাল হোসেনের একাধিক বাড়ি থাকা সত্ত্বেও জলবায়ু ট্রাস্ট তহবিলের দুটি ঘর পেয়েছেন। সেই দুটি ঘর একত্র করে পাউবোর বাঁধের ওপর তা নির্মাণ করেছেন। বেল্লালের ভাষ্য, তিনি নিজে একটি ঘর পেয়েছেন, কিন্তু একটি ঘরে তাঁর হবে না বলে জালু মোল্লার ঘরটি কিনে একত্রে নির্মাণ করেছেন।

এলাকার অনেকেই অভিযোগ করেছেন, ইউনিয়নে নির্মাণ করা জলবায়ু ট্রাস্ট তহবিলের প্রায় সবগুলো ঘরই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পেয়েছেন; যাঁরা মধ্যবিত্ত।

উপজেলার দক্ষিণ আইচা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুজিবনগর ইউপির চেয়ারম্যান আবদুল অদুদ মিয়া অবশ্য দাবি করেন, বেশির ভাগ ঘর আওয়ামী লীগের অবস্থাপন্ন নেতা-কর্মীরা পেয়েছেন—এই অভিযোগ ঠিক নয়। অন্যরাও এই ঘর পেয়েছেন।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-এলাহী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনিসুর রহমান বলেন, জলবায়ু ট্রাস্ট তহবিলের পাকা ঘর গরিব-দুঃখীরা পাবেন; তবে তাঁদের নিজস্ব জমি থাকতে হবে। এ কারণে অনেক মধ্যবিত্তও ঘর পেয়েছেন। এসব ঘর অন্যের জমিতে বা সরকারি জমিতে নির্মাণ করা অথবা বিক্রি করার বৈধতা নেই। এর পরও যদি কেউ এ রকম করে থাকেন, তদন্ত সাপেক্ষে সেগুলো বাতিল করা হবে।