নেতাদের বাধায় সেতু নির্মাণ বন্ধ এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরে নরসুন্দা নদের ওপর প্রায় দুই কোটি টাকার শোলাকিয়া ঈদগাহ সেতু নির্মাণ প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। সেতুর নির্মাণস্থলে নদের দুই পাড়ের জমি আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী নেতা ও সমর্থকেরা দখল করে নেওয়ায় ও বাধার কারণে সেতুটির নির্মাণকাজ এক বছর ধরে বন্ধ আছে বলে জানা গেছে।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), পৌরসভা ও জেলা প্রশাসন ১৫ মাস ধরে সেতু নির্মাণের নির্দিষ্ট স্থান ঠিকাদারকে বুঝিয়ে দিতে পারছে না। সেতু না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বর্তমানে এলাকাবাসী বাঁশের একটি সাঁকো দিয়ে কোনো রকমে যাতায়াত করছেন।এলজিইডি ও পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার বয়লা এলাকায় সেতুটি নির্মাণের কথা। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানসহ বয়লা-তারাপাশার সঙ্গে শহরের দুই অংশের মানুষের সহজ যোগাযোগ ও একরামপুর সেতুর যানজট নিরসনের জন্য সেতু নির্মাণের প্রকল্পটি গ্রহণ করা হয়। এটি বাস্তবায়নের দায়িত্ব এলজিইডির।৬০ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণের জন্য ২০১১ সালের ১৬ আগস্ট এলজিইডি দরপত্র আহ্বান করে। সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স শাহীল এন্টারপ্রাইজ এক কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৩৬৮ টাকায় সেতু নির্মাণের কাজটি পায়। চুক্তি সম্পাদনের পর ২০১১ সালের ২৩ অক্টোবর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজনীয় নির্মাণসামগ্রী নিয়ে একাধিকবার সেতু নির্মাণের জন্য নির্ধারিত স্থানে গেলেও প্রভাবশালীদের বাধার মুখে ফিরে আসে।স্থানীয় কাউন্সিলর আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রভাবশালীরা অবৈধভাবে জায়গা দখল রেখেছেন। তাই সেতুর কাজ শুরু করা যাচ্ছে না।’এলাকাবাসী অভিযোগ করেন, সেতুর উত্তর পাড়ের জমি জেলা শ্রমিক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর আবু নাসের খান ও আওয়ামী লীগের শহর কমিটির সদস্য মো. ইসামুদ্দিন এবং দক্ষিণ পাড়ের জমি বিএনপির সমর্থক তাজুল ইসলামের দখলে আছে। তাঁদের বাধার কারণেই সেতুটি করা যাচ্ছে না।সরেজমিনে সেতু এলাকায় দেখা গেছে, নির্ধারিত স্থানে নদীর দুই পাড়ের সড়কের রাস্তা দখল হয়ে গেছে। ফলে বাঁশের সেতুটি নির্ধারিত স্থান থেকে অনেকটা পশ্চিমে চলে গেছে। বাঁশের সাঁকো পার হয়ে দক্ষিণ দিকে কিছু জায়গা ভেঙে যাওয়া ও দখল হওয়ার কারণে লোক চলাচল কমে গেছে।ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস শাহীল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাদল রহমান জানান, গত এক বছরেও এলজিইডি, পৌরসভা ও প্রশাসন সেতু নির্মাণের ভূমি চিহ্নিত করে দিতে পারেনি। প্রভাবশালীদের কাছে তারা জিম্মি হয়ে পড়েছে। অবস্থা দেখে মনে হয়, দেশটা মগের মুল্লুক। এদিকে সেতুর জন্য ১০ লাখ টাকার জমাকৃত ব্যাংক ড্রাফট ও মালামাল পড়ে আছে। বিএনপির নেতা ও পৌর কাউন্সিলর আবু নাসের খান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সেতুটি যে স্থানে করার কথা, সেখানে তাঁর কোনো জমি নেই। সেতুর জমি দখলের প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগের নেতা ইসামুদ্দিন ও বিএনপির সমর্থক তাজুল ইসলাম বলেন, সেতুর জন্য নির্ধারিত যে স্থান আছে, সেখানে হলে তাঁদের আপত্তি নেই। প্রভাবশালীদের বাধার কারণে সেতুর স্থান বর্তমানে কয়েক গজ পশ্চিমে আনা হয়েছে। এতে তাঁদের জমি রয়েছে, যা উত্তরাধিকারসূত্রে তাঁরা পেয়েছেন। উপযুক্ত দাম পেলে তাঁরা জমির দখল ছেড়ে দিতে রাজি আছেন।এলজিইডির নির্বাহী প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরী বলেন, ‘জমি মাপের কাজ শেষ হয়েছে। পৌর কর্তৃপক্ষ জমি বুঝিয়ে দিতে না পারলে আমাদের করার কিছু নেই।’ পৌর মেয়র মাজহারুল ইসলাম জানান, প্রশাসন সহযোগিতা করলে দখলকৃত জমি উদ্ধার করা সম্ভব। তবে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।