নেতাদের বিরোধে কেন্দ্রে গেল আনোয়ারার দুটি প্রার্থী তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে বিরোধে জড়িয়েছেন আওয়ামী লীগের দক্ষিণ জেলা ও আনোয়ারা-কর্ণফুলী থানা কমিটির নেতারা। বিরোধের জের ধরে আনোয়ারা ও কর্ণফুলীর ১৬ ইউনিয়নের চেয়ারম্যান পদে দুটি পৃথক প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠিয়েছে দুই পক্ষ।
উভয় পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ারা ও কর্ণফুলী থানা আওয়ামী লীগের করা প্রার্থী তালিকা ১৩ এপ্রিল কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রার্থী তালিকা গতকাল বুধবার মনোনয়ন বোর্ডের কাছে নিয়ে যান সংগঠনের নেতারা। পৃথক দুটি তালিকার কারণে এখন কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের ওপর নির্ভর করছে প্রার্থীদের ভাগ্য। আগামী সপ্তাহে কেন্দ্র থেকে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করার কথা রয়েছে।
এই বিরোধের এক পক্ষে আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অন্য পক্ষে আছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতারা। বিরোধের জের ধরে দক্ষিণ জেলা কার্যালয় ভাঙচুরও করেন আনোয়ারা উপজেলার বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এরপর সংবাদ সম্মেলন করে দক্ষিণ জেলার দুই নেতার বহিষ্কার দাবি করেন তাঁরা।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রের নির্দেশনা মেনে আনোয়ারা ও কর্ণফুলী থানার ১৬টি ইউনিয়নের ওয়ার্ড কমিটির মাধ্যমে প্রার্থী বাছাই করে স্থানীয় আওয়ামী লীগ। এরই মধ্যে ৪ এপ্রিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চিঠি দিয়ে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের জন্য সাক্ষাৎকার ও প্রাথমিক মনোনয়ন সভার সময়সূচি ঘোষণা করেন। সময়সূচি অনুযায়ী নগরের আন্দরকিল্লার দলীয় কার্যালয়ে ৯ এপ্রিল কর্ণফুলী থানা ও ১৫ এপ্রিল আনোয়ারা উপজেলার চেয়ারম্যান পদের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময়সূচি ছিল। এই চিঠি পাওয়ার পর আনোয়ারা ও কর্ণফুলী থানার নেতারা ক্ষুব্ধ হন। আনোয়ারা উপজেলার প্রার্থীদের সাক্ষাৎকারের দিন তাঁরা নগরের আন্দরকিল্লায় এসে বিক্ষোভ করেন। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ও ভাঙচুর করা হয়। ঘটনার দুদিন পর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দক্ষিণ জেলা সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে প্রার্থী বাছাইয়ে বাণিজ্যের অভিযোগ তোলেন তাঁরা।
নেতা-কর্মীরা জানান, দক্ষিণ জেলার নির্ধারিত সময়সূচি অনুযায়ী আনোয়ারা উপজেলার প্রার্থীদের সাক্ষাৎকারের আগেই ১৬ ইউনিয়নের প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠিয়ে দেয় আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানা আওয়ামী লীগ। কেন্দ্রের নির্দেশনা না মেনে জেলা নেতাদের অনুমোদন ছাড়া প্রার্থী তালিকা পাঠানোর বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমেদ প্রথম আলোকে বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থী বাছাই করার পর জেলার দুই নেতা আবার সাক্ষাৎকার আহ্বান করেন। তাঁদের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে আগেই কেন্দ্রের কাছে প্রার্থী তালিকা পাঠানো হয়েছিল।
তবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা না করেই একতরফাভাবে প্রার্থী বাছাই করেছে আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী থানা আওয়ামী লীগ। বর্তমানে আওয়ামী লীগের চারজন ইউপি চেয়ারম্যানও এই তালিকায় স্থান পাননি। বঞ্চিতরা অভিযোগ করার কারণে প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকার ডাকা হয়েছিল।
মফিজুর রহমান গতকাল জানান, কেন্দ্রীয় নির্দেশনা মেনে আনোয়ারা ও কর্ণফুলী থানা ছাড়াও দক্ষিণ জেলার ছয় উপজেলার প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে। আজ (বুধবার) কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ও আওয়ামী লীগের সভানেত্রীর কাছে এই প্রার্থী তালিকা হস্তান্তর করা হয়েছে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।
এদিকে প্রার্থী তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের নিয়ে অভিযোগ বাড়ছে। উপজেলা আওয়ামী লীগের অভিযোগ, জেলার তালিকায় জামায়াতে ইসলামীর সমর্থকেরাও স্থান পেয়েছেন। অন্যদিকে, জেলার নেতাদের অভিযোগ, হত্যা মামলার আসামি ও যুদ্ধাপরাধীর সন্তানকে প্রার্থী হিসেবে বাছাই করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। তবে দুই পক্ষই এসব অভিযোগ অস্বীকার করেছে।