নেতাদের মধ্যে ঐক্য থাকলে কেন পার্বত্যচুক্তি বাস্তবায়িত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের নেতাদের মধ্যে ঐক্য ও সংহতি থাকলে কেন পার্বত্যচুক্তি বাস্তবায়িত হবে না। মেহনতি জুমচাষি আর খেটে খাওয়া মানুষের মধ্যে যে ধরনের ঐক্য আছে, শিক্ষিত সমাজে তা নেই।গতকাল বৃহস্পতিবার চাকমা রাজা দেবাশীষ রায়কে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন। জাতিসংঘে আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামে এশীয় অঞ্চলের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় রাজা দেবাশীষ রায়কে এ সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখা এ সংবর্ধনার আয়োজন করে।সংগঠনের পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে সন্তু লারমা আরও বলেন, যে সরকার পার্বত্য চুক্তি করেছে চুক্তি বাস্তবায়নে সে সরকারের কেন এত দ্বিধা। চুক্তি বাস্তবায়নে কোন শক্তি বাধা দিচ্ছে?অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বোমাং সার্কেলের রাজার প্রতিনিধি রাজকুমার সাচিংপ্রু জেরী, পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার আন্দোলনের সভাপতি গৌতম দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ।