নেতাদের মুক্তি চেয়েছে বিএনপি

বিএনপির শীর্ষস্থানীয় পাঁচ নেতার রিমান্ড বাতিল করে তাঁদের মুক্তির দাবি করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির নেতা মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, আবদুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসকে পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদে আজ বৃহস্পতিবার মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর পরপরই সংবাদ সম্মেলন করেন রিজভী।
দলটির যুগ্ম মহাসচিব দাবি করেন, যে নেতাদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁদের অনেকেই বয়োবৃদ্ধ। তাঁদের আট দিনের রিমান্ড দেওয়া রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
সরকারের নির্দেশেই এমন আদেশ দেওয়া হয়েছে দাবি করে রিজভী বলেন, এর উপযুক্ত দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এ পদক্ষেপে ১৮ দলের নেতা-কর্মীরা ভাঙবে না, পিছু হটবে না বলেও উল্লেখ করেন এই বিএনপি নেতা।
হরতালের আগে ও হরতালের সময় বিভিন্ন স্থানে ককটেল হামলা, ভাঙচুরসহ সহিংস কাজের জন্য সরকারের এজেন্টদের দায়ী করেন রিজভী।