নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের তিন শীর্ষ নেতার মুক্তিসহ বিভিন্ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে আছে বিক্ষোভ, সমাবেশ, জনসংযোগ ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়।গতকাল রোববার দুপুরে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে আছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ বিরোধী দলের সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে ১৩ থেকে ১৫ জুলাই সারা দেশে সভা-সামবেশ ও বিক্ষোভ, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে ১৯ জুলাই সারা দেশে প্রতিবাদ সমাবেশ এবং সরকারের বিরদ্ধে জনমত তৈরির লক্ষ্যে ২০ থেকে ২৬ জুলাই জনসংযোগ ও বিভিন্ন শ্রেণী-পেশা মানুষের সঙ্গে মতবিনিময়।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকার জনগণের মৌলিক সমস্যার সমাধান করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। রোজার আগেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে দিশেহারা করে দিচ্ছে। সরকার তার ব্যর্থতা ঢাকার জন্য জামায়াত ও শিবিরের নেতা-কর্মীসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে।ঘোষিত কর্মসূচির প্রতি বিএনপির সমর্থন কামনা করছেন কি না—জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, ‘ওদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।’রিমান্ডে জামায়াতের নেতাদের নানা স্বীকারোক্তির বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন নিয়ে এ টি এম আজহারকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, জামায়াতের আটক শীর্ষ নেতারা জঙ্গিদের সঙ্গে জামায়াতের সম্পর্কের কথা স্বীকার করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রিমান্ডে তাঁরা (জামায়াতের নেতারা) যেসব তথ্য দিয়েছেন বলে বলা হচ্ছে, তা অপপ্রচার। তাঁরা এসব কথা বলেছেন বলে আমাদের জানা নাই।’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দাবি করেন, জনগণ তাঁদের পক্ষে। জনসমর্থন থাকলে কেন জামায়াতের ঝটিকা মিছিল করতে হয়—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসমর্থন থাকলেও পুলিশের ভয়ে অনেকে আসে না। ’৬৬-তে আওয়ামী লীগ ছয় দফা ঘোষণার পর দুই বছর কিছুই করতে পারেনি। অথচ তিন বছর পর দেশে গণবিপ্লব হয়ে গেল। একসময় জামায়াতের পক্ষেও জনগণ নামবে বলে তাঁর আশা।