নেতাদের লুটপাটে আওয়ামী লীগই ক্ষতিগ্রস্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমানে দেশ এক সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় ক্ষমতাসীন দলের কিছু নেতা লুটপাটসহ অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন। এতে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গতকাল রোববার সকালে ফরিদপুরে সচেতন নাগরিক কমিটির (সনাক) কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ইফতেখারুজ্জামান। আওয়ামী লীগ ও বিএনপি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তা দেশের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করে তিনি বলেন, দল দুটি ক্ষতিগ্রস্ত হলে দেশে গণতন্ত্রের ধারা ব্যাহত হবে। সে অবস্থায় তৃতীয় কোনো অনাকাঙ্ক্ষিত কিন্তু সংঘবদ্ধ শক্তি প্রভাব বিস্তার করার সুযোগ পাবে।
টিআইবিকে সরকারের সহযোগী শক্তি আখ্যায়িত করে ইফতেখারুজ্জামান বলেন, সরকারের একটি অংশের সমালোচনা শোনার ক্ষমতা কম থাকায় তারা মনে করে টিআইবি সরকারের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আমাদের টাকার উৎস কোথায় তা সরকার ভালোই জানে। কেননা সরকারের মাধ্যমেই এ টাকা দেশে আসে।’
গত পাঁচ বছরে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি—শিক্ষামন্ত্রীর এ বক্তব্যকে ‘বিব্রতকর’ হিসেবে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে এ বক্তব্য আমরা আশা করি না।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সনাকের সভাপতি মজিবর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সনাকের সাবেক সভাপতি আলতাফ হোসেন, সহসভাপতি শিপ্রা গোস্বামী, সদস্য আবদুল খালেক।