বিবদমান ছাত্রসংগঠনগুলোর পর এবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ কমিটি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এই আলোচনা হচ্ছে বলে জানা গেছে। লিয়াজোঁ কমিটি সূত্র জানিয়েছে, রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা শেষে কমিটি সুপারিশ দেবে। অবশ্য কমিটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কাছে অন্তর্বর্তীকালীন ১৩টি সুপারিশ দিয়েছে। এসব সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। ক্যাম্পাসে বিবদমান ছাত্রসংগঠনগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর প্রভাব রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ কমিটি এসব রাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করছে।’লিয়াজোঁ কমিটি সূত্রে জানা গেছে, কমিটি গত ২৮ ফেব্রুয়ারি নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠক করে। ৩ মার্চ নগর আওয়ামী লীগের আরেক নেতা আ জ ম নাছিরের সঙ্গে বৈঠক করে কমিটি। পরে ৪ মার্চ কমিটি জেলা প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামের সঙ্গে বৈঠক করে। গতকাল সোমবার বিকেলে জামায়াতের নগর আমির সাংসদ শামসুল আলমের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের সঙ্গেও কমিটি বৈঠক করবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও লিয়াজোঁ কমিটির প্রধান অধ্যাপক খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।