নেতাদের সম্পর্কে নতুন প্রজন্মের মূল্যায়ন জানা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ইতিহাস সৃষ্টিকারী রাজনৈতিক নেতাদের সম্পর্কে নতুন প্রজন্মের ভাবনা বা মূল্যায়ন কী, তা জানা প্রয়োজন। রাজনীতি নিয়ে তাঁরা কী ভাবেন, দেশে কোন রাজনীতি তাঁরা চান, তা-ও শোনা দরকার। তাই নেতাদের স্মরণসভাগুলোতে তরুণদের সমবেত করে কথা বলার সুযোগ দিতে পারলে ভালো হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রয়াত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় এসব কথা বলেছেন তাঁর স্ত্রী রীণা ফরহাদ। মোহাম্মদ ফরহাদের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সিপিবি পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করে। সভায় সিপিবি ও কয়েকটি গণসংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
রীণা ফরহাদ বলেন, সামনে অগ্রসর হওয়ার জন্য ইতিহাস ও ইতিহাস সৃষ্টিকারী মানুষ সম্পর্কে জানা দরকার। তাই সেই মানুষদের স্মরণ করা গুরুত্বপূর্ণ। একই রকম গুরুত্বপূর্ণ ওই মানুষগুলো সম্পর্কে নতুন প্রজন্মের ভাবনা ও মূল্যায়ন জানা। কারণ, তাতে ওই মানুষগুলোর চিন্তা ও কাজ সমাজে কীভাবে বিস্তার লাভ করেছে, তা জানা যায়। এটা জানা সমাজ-সংলগ্ন থাকার জন্য অপরিহার্য।
সভায় কিছু ব্যক্তিগত স্মৃতিচারণা করেন রীণা ফরহাদ। জেলখানায় বসে লেখা মোহাম্মদ ফরহাদের একটি চিরকুট দেখিয়ে তিনি বলেন, জেলখানায় কে কবে তাঁর সঙ্গে দেখা করতে যাবেন; তখন কার সঙ্গে কী কী বিষয়ে কথা বলবেন তা-ও চিরকুটে লিখে নিতেন। যেকোনো কাজের আগেই সে সম্পর্কে ‘হোমওয়ার্ক’ করতেন। খুব গোছানো মানুষ ছিলেন তিনি। কাজও করতে পারতেন অনেক। নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। দলের নেতা-কর্মীদের পাশাপাশি ওই সব মানুষের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়েও খোঁজখবর রাখতেন।
মৃত্যুর ছয় দিন আগে, ১৯৮৭ সালের ৩ অক্টোবর মস্কো থেকে দুই সন্তানকে লেখা মোহাম্মদ ফরহাদের একটি চিঠি (এটিই ছিল তাঁর শেষ চিঠি) উদ্ধৃত করে রীণা ফরহাদ বলেন, এ চিঠিতে মস্কো শহরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোড়ানো আতশবাজিতে সেদিন মস্কোর আকাশ কীভাবে বর্ণিল আলোকচ্ছটায় উজ্জ্বল হয়ে উঠেছিল, তা সন্তানদের জানিয়ে আনন্দ দিয়েছেন।
সভায় সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, মোহাম্মদ ফরহাদ দুই প্রজন্মের কমিউনিস্টদের মধ্যে সেতুবন্ধ রচনা করেছিলেন। কাজপাগল মানুষ ছিলেন। এমন একজন নেতা পাওয়া সিপিবির জন্য সৌভাগ্যের বিষয় ছিল। সভায় দলের কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান সেলিম, আজহারুল ইসলাম আরজু, রুহিন হোসেন প্রিন্স, ঢাকা জেলা কমিটির নেতা জাহিদ হোসেন, যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
১৯৩৮ সালে পঞ্চগড়ে জন্ম নেন মোহাম্মদ ফরহাদ। ১৪ বছর বয়সে ভাষা আন্দোলনে অংশ নেন। এরপর বাষট্টির শিক্ষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি প্রশংসনীয় ভূমিকা রাখেন। মাত্র ৩৫ বছর বয়সে তিনি সিপিবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৭ সালের ৯ অক্টোবর রাশিয়ার রাজধানী মস্কোতে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।