নেতাদের ৪৫ জেলা সফর ১৫ মার্চ রাজপথে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা ৪৫ জেলাসহ বিভিন্ন উপজেলায় কর্মী ও সুধী সমাবেশ শেষ করেছেন। আগামী ১৫ মার্চ ঢাকাসহ সারা দেশে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা রাজপথে অবস্থান কর্মসূচি সফল করতে তাঁরা এই সফর করেন।গতকাল রোববার কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন প্রণয়নসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে ছয়টি দল ২ মার্চ থেকে ১০ মার্চ দেশের বিভিন্ন এলাকা সফর করে। জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ খুলনা বিভাগে, আনু মুহাম্মদ চট্টগ্রাম বিভাগে, নূর মোহাম্মদ রাজশাহী বিভাগে, ম. ইনামুল হক রংপুর বিভাগে, রুহিন হোসেন প্রিন্স সিলেট বিভাগে, অধ্যাপক আবদুস সাত্তার বরিশাল বিভাগে সুধী সমাবেশে বক্তব্য দেন। শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘সংসদে জ্বালানি মন্ত্রণালয়ের সব দুর্নীতি ও অনিয়ম আইনি বৈধতা দেওয়ার জন্য আইন পাস করা হয়েছে, অথচ প্রস্তাবিত ‘খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন’ পাস করা দূরে থাক, সংসদে আলোচনার জন্য উত্থাপনও করা হয়নি।’অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বহু রাষ্ট্রীয় বিদ্যুৎ প্লান্ট অবহেলায় বন্ধ হয়ে আছে। সেগুলোসহ ত্রুটিযুক্ত ও অত্যধিক জ্বালানি খেকো প্লান্টগুলো মেরামত করলে প্রায় এক হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করা সম্ভব। এটা না করে কতিপয় গোষ্ঠীকে ব্যবসা দিতে রেন্টাল ও কুইক-রেন্টাল বিদ্যুৎ প্লান্ট স্থাপনের চুক্তি হয়েছে। এর ফলে দেশ ভয়াবহ ঋণগ্রস্ত হচ্ছে, দূষিত করা হচ্ছে পরিবেশ।