ফটিকছড়ির ঘটনার উল্লেখ করে বিএনপির নেতাদের ‘উসকানি’ দেওয়া বন্ধ করতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল রোববার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির শীর্ষ নেতারা এই ঘটনাকে (ফটিকছড়ির সহিংসতা) সমর্থন করছেন এবং অনুরূপ হত্যাকাণ্ড ঘটাতে উসকানি দিচ্ছেন। এটা গণতান্ত্রিক রাজনীতিতে নজিরবিহীন। এই ঘটনার পক্ষে ওকালতি করা সভ্য গণতান্ত্রিক সমাজ সহ্য করতে পারে না। উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, ‘হত্যার জন্য যাঁরা উসকানি দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, তখন বলবেন গণতন্ত্র গেল।’এ কারণে কি উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—এ সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘উসকানিদাতাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতেই হবে।’তথ্যমন্ত্রী বলেন, ‘আশা করব খালেদা জিয়া ফটিকছড়ির এই ঘটনার নিন্দা জানাবেন এবং দোষী ব্যক্তিদের ধরতে বা ব্যবস্থা নিতে প্রশাসনকে সহযোগিতার হাত প্রসারিত করবেন।’ ইনু বলেন, একটা শান্তিপূর্ণ মিছিলে জঘন্য পরিকল্পিত আক্রমণ, কোনো গ্রামবাসীর আক্রমণ নয়। চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর এলাকায় ১১ এপ্রিল আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে দুর্বৃত্তদের হামলায় তিনজন নিহত ও ১৫০ জন আহত হন।