নেতার কাছ থেকে বেশি ভাড়া রাখায় বাস আটকাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর-জিরানী সড়কপথে চলাচলকারী ইতিহাস পরিবহনের একটি বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মওলানা ভাসানী হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সোমবার ওই পরিবহনের তিনটি বাস আটকে দিয়েছেন। একটি বাস থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
জানা যায়, গত রোববার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক উপসম্পাদক বেলাল আহমেদ ইতিহাস পরিবহনের একটি বাসে করে নবীনগর থেকে ক্যাম্পাসে আসছিলেন। নবীনগর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত ভাড়া পাঁচ টাকা। কিন্তু বাসের কন্ডাক্টর তাঁর কাছে ১০ টাকা ভাড়া দাবি করেন। তিনি এর প্রতিবাদ করেন এবং অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাসচালকের সহযোগী ও কন্ডাক্টরের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। বাসের চালক তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে না নামিয়ে প্রায় এক কিলোমিটার দূরে বাংলাদেশ লোকপ্রশাসন কেন্দ্রের সামনে নামিয়ে দেন।
এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের কর্মীরা ইতিহাস পরিবহনের তিনটি বাস আটকান।