নেতার গাড়িতে আগুন গোপালগঞ্জে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক বি এম লিয়াকত আলীর গাড়ি গত বুধবার গভীর রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে লিয়াকতের সমর্থকেরা শহরে বিক্ষোভ মিছিল ও আদালত চত্বরে সমাবেশ করেন। লিয়াকত গোপালগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। লিয়াকত আলী অভিযোগ করেন, তাঁর সম্ভাব্য প্রতিপক্ষদের মধ্যে থেকে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এই আসনে বর্তমান আওয়ামী লীগ-দলীয় সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীল সদস্য শেখ ফজলুল করিম সেলিমও জড়িত থাকতে পারেন। তবে এ ব্যাপারে তিনি কোনো মামলা করবেন না।দেশের বাইরে থাকায় এ বিষয়ে শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্য পাওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে শহরের সড়ক ভবনের সমানে বি এম লিয়াকত আলীর বাড়ির গাড়ির গ্যারেজে হাইয়েস মডেলের মাইক্রোবাসটি রাখা ছিল। রাত আনুমানিক দেড়টার দিকে কে বা কারা গাড়ির কাচ ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে। আগুন গাড়ির পেছনের অংশ ও ভেতরের আসন পুড়ে গেছে। ঘটনার সময় লিয়াকত আলী বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল সকালে ঘটনাটি জানাজানি হলে বিভিন্ন এলাকা থেকে লিয়াকতের সমর্থকেরা তাঁর শহরের বাসায় আসতে থাকেন। দুপুর ১২টায় লিয়াকত আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আগামী সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বি এম লিয়াকত আলী। এই আসন থেকে শেখ ফজলুল করিম সেলিম পর পর পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছেন। সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জেলা আওয়ামী লীগের একসময়ের সভাপতি মুক্তিযোদ্ধা প্রয়াত কামরুল ইসলাম (রইস) মনোনয়ন চেয়েও পাননি। কামরুল ইসলামের পর এবার বি এম লিয়াকত আলী শেখ সেলিমের বিরুদ্ধে শক্ত প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছে।