নেতার দখলে দরপত্র বাক্স!
রাজশাহীর বাগমারা উপজেলায় যুবলীগের এক নেতার নেতৃত্বে দরপত্রের বাক্স আড়াই ঘণ্টা দখলে রাখার অভিযোগ উঠেছে। পরে র্যাব ও পুলিশের পাহারায় সাধারণ ঠিকাদারেরা দরপত্র দাখিল করেন। গত বুধবার উপজেলার তাহেরপুর পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে।তাহেরপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় ৭৫ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ১৮ মে থেকে দরপত্র আহ্বান করা হয়। বুধবার দুপুর একটা পর্যন্ত ছিল দরপত্র দাখিলের শেষ সময়। সে অনুযায়ী ৯৬ জন ঠিকাদার দরপত্রের শিডিউল কেনেন। ঠিকাদারেরা অভিযোগ করেন, ঠিকাদার ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেনের নেতৃত্বে পলাশ, সোহেল, উজ্জ্বল, তুহিনসহ ১৫-২০ জনের একটি দল সকাল নয়টা থেকে পৌরসভা কার্যালয়ে অবস্থান নেয়। ঘিরে রাখে দরপত্র জমা দেওয়ার বাক্স। তখন কয়েকজন ঠিকাদার দরপত্র দাখিল করতে এলে গোলাপসহ অন্যরা তাঁদের বাধা দেন।এ খবর পেয়ে তাহেরপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম কয়েকজন পুলিশ নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে পৌর কার্যালয়ে গিয়ে বাক্স দখলকারীদের আটক করেন। তবে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর র্যাব-৫-এর বাগমারা ক্যাম্পের একটি দল এসে দরপত্র বাক্সের সামনে পাহারা বসায়। তাদের পাহারায় দুপুর সাড়ে ১২টার পর থেকে ঠিকাদারেরা দরপত্র দাখিল করেন। বেলা তিনটার দিকে র্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে দরপত্রের বাক্স খোলা হয়।যুবলীগের নেতা গোলাপ হোসেন দরপত্র বাক্স দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই সময় বাড়িতে বসে দরপত্রের ফরম পূরণ করছিলাম। দরপত্রের বাক্স দখলের কোনো ঘটনা ঘটেনি।’তাহেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমি এসে তাদের সরিয়ে দিয়েছি। স্থানীয় নেতাদের কথায় দরপত্র বাক্স দখলকারীদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখন থেকে আর কোনো টেন্ডারবাজকে ছাড় দেওয়া হবে না।’