নেতার দখলে ১৯ একর সরকারি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের রূপাইছড়া রাবারবাগানের প্রায় ১৯ একর জমি শ্রমিক লীগের জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক মুদ্দত আলী দখল করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।এ ছাড়া তাঁর বিরুদ্ধে বাগানের ভেতর থেকে যন্ত্র দিয়ে বালু তোলা, গাছ কেটে নেওয়া ও পরিবেশ নষ্ট করার অভিযোগও রয়েছে। এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষ মুদ্দত আলীর বিরুদ্ধে থানায় সাতটি মামলা দায়ের ও প্রশাসনের কাছে ২০-২২ লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি।বনশিল্প উন্নয়ন করপোরেশন সূত্র এবং বাগান কর্তৃপক্ষের দায়ের করা মামলার নথি থেকে জানা গেছে, রূপাইছড়া রাবারবাগানের আয়তন এক হাজার ৯৬৩ দশমিক ২২ একর। বাগানের ভেতরে উত্তর দিকে ১৮ দশমিক ৭৪ একর ভূমি ২০০২ সালে দখল করে নেন বাহুবলের পুটিজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান মুদ্দত আলী। বাগান কর্তৃপক্ষ এ ঘটনায় ২০০২ সালের ২৩ ফেব্রুয়ারি থানায় একটি মামলা করে। একই বছরের ১ ডিসেম্বর সহকারী জজ আদালতে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করে বাগান কর্তৃপক্ষ। এ ছাড়া বাগান কর্তৃপক্ষ গত কয়েক বছরে পাঁচটি মামলা এবং জেলা-উপজেলা প্রশাসনের কাছে ২০ থেকে ২২টি লিখিত অভিযোগ দেয়। এতে মুদ্দত আলী ও তাঁর বড় ভাই চেরাগ আলীর বিরুদ্ধে জমি দখল, বাগানের ভেতর থেকে যন্ত্র দিয়ে বালু তোলা ও গাছ কেটে নেওয়ার অভিযোগ আনা হয়। দখল করা জায়গায় মুদ্দত আলী আমসহ নানা জাতের গাছ রোপণ করছেন। এগুলো দেখাশোনা করেন চেরাগ আলী ও তাঁর ভাতিজা রকিব আলী। তাঁরা তাঁদের দখল করা জায়গার ভেতরেই সীমাবদ্ধ থাকেননি। এর বাইরেও বাগানের বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন, পাহাড় কাটা ও গাছগাছালি কেটে ধ্বংস করছেন।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাগানের উত্তর ও দক্ষিণ দিকের তিনটি ছড়া থেকে যন্ত্রের সাহায্যে বালু তুলছেন শ্রমিকেরা। ট্রাক্টরে করে এই বালু নিয়ে যাওয়া হচ্ছে। বাগানের চারপাশের সাতটি টিলা কেটে পুকুরের মতো গর্ত করা হয়েছে। টিলার মাটি কাটায় এবং বালু তোলায় অসংখ্য গাছ উপড়ে গেছে। মুদ্দত আলী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এ জমি তিনিসহ আটজন বন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয় থেকে সামাজিক বনায়নের জন্য ইজারা নিয়েছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বাগান কর্তৃপক্ষ তাঁর ও এলাকাবাসীর জমি দখল করে কার্যালয়, রেস্টহাউস ও গুদাম তৈরি করেছে। শ্রীমঙ্গল বন কার্যালয়ের সহকারী বন সংরক্ষক (এসিএফ) সাজ্জাদুর রহমান জানান, সামাজিক বনায়নের ক্ষেত্রে বন বিভাগ কোনো জমি ইজারা দেয় না; দেওয়ার বিধানও নেই। মুদ্দত আলীর ওই দাবি এবং অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাগানের ব্যবস্থাপক মফিকুল ইসলাম বলেন, মুদ্দত আলী শুধু দখলই নয়, সহস্রাধিক গাছসহ বাগানের আট-দশটি টিলা কেটে ফেলেছেন। তাঁর বিরুদ্ধে থানায় ও প্রশাসনে অভিযোগ করে কোনো লাভ হয়নি। বরং পুলিশ তাঁর পক্ষে কাজ করে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, বাগান কর্তৃপক্ষ ঠিকমতো তাঁদের সীমানা চিহ্নিত করে কিছু বলতে পারে না। থানার ছয়টি মামলার মধ্যে তিনটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। মুদ্দত আলী এখন জামিনে আছেন। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াদুদ বলেন, এ ভূমি সরকারি এবং তা রূপাইছড়া বাগানের আওতাধীন। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি কার্যালয়কে বলেছেন।