নেতার বাড়ির রাস্তা বলে কথা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন। শুধু তাঁর বাড়িতে যাওয়ার জন্যই নির্মাণ করা হয়েছে ১০ ফুট প্রশস্ত ও ২০০ ফুট দীর্ঘ একটি পাকা রাস্তা। এলাকাবাসীর অভিযোগ, গ্রামের বিভিন্ন স্থানে রাস্তার জন্য সাধারণ মানুষ দুর্ভোগ পোহালেও দলীয় প্রভাবে এলজিএসপি (লোকাল গভর্নমেন্টস সাপোর্ট প্রজেক্ট) কর্মসূচির অর্থায়নে শুধু একজন নেতার বাড়িতে যেতে করা হলো এ রাস্তা। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ এই রাস্তা বানায়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার মনমথ গ্রামের সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়ক থেকে দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেনের বাড়ির দরজা পর্যন্ত গেছে পাকা সড়কটি। যে জমির ওপর দিয়ে রাস্তা গেছে সেটিও সাখাওয়াত হোসেনের। কিছুদিন আগে ওই নেতা তাঁর বাড়িতে যাতায়াতের জন্য দুই পুকুরের মাঝ দিয়ে কাঁচা রাস্তা বানান। খোঁজ নিয়ে জানা গেল, ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে টানানো প্রকল্পের তালিকায় এর নাম দেওয়া হয়েছে ‘মনমত মৌজায় স্বপনের বাড়িতে যাওয়ার রাস্তা পাকাকরণ’।
নাম প্রকাশেঅনিচ্ছুক গ্রামের এক ব্যবসায়ী বলেন, ভোটের আগে জনপ্রতিনিধিরা রাস্তা পাকা করার কথা বলে ভোট নেন। নির্বাচিত হলে জনগণের কথা না ভেবে রাস্তা পাকা করেন দলীয় প্রভাবে।
বামনডাঙ্গা গ্রামের রিকশাচালক বাবলু মিয়া বললেন, বর্ষায় ইউনিয়ন পরিষদে যাওয়ার রাস্তায় কাদায় হাঁটা যায় না। সেই রাস্তা পাকা হয় না। পাকা রাস্তা হয় এক বাড়িতে যাওয়ার জন্য।
তবে আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন বলেন, তিনি এ রাস্তা নির্মাণের জন্য কোনো প্রভাব খাটাননি। ইউনিয়ন পরিষদ রাস্তাটি করেছে। তিনি আরও বলেন, ‘শুধু আমার বাড়ির জন্য রাস্তা নির্মাণ হয়নি। আমার বাড়ির সাথে আরও চার থেকে পাঁচটি বাড়ি রয়েছে। এ ছাড়া এই রাস্তা দিয়ে অনেক লোক চলাচল করে।’
ইউপি কার্যালয় সূত্র জানায়, ২০১৪-২০১৫ অর্থবছরে মনমথ এলাকায় আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেনের বাড়ি পর্যন্ত এই পাকা রাস্তা নির্মাণ করা হয়। এটি প্রস্থে ১০ ও দৈর্ঘ্যে ২০০ ফুট। এলজিএসপি কর্মসূচির আওতায় এটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ২ লাখ ২৪ হাজার ৫৬০ টাকা। প্রকল্প কমিটির আহ্বায়ক ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য মাবিয়া খাতুন। তিনি বলেন, পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ হয়েছে।
অথচ এলজিএসপি কর্মসূচির নীতিমালা অনুযায়ী, রাস্তা ও কালভার্ট নিমাণসহ উন্নয়নকাজের জন্য ওয়ার্ডভিত্তিক প্রকল্প তালিকা ইউনিয়ন পরিষদে পাঠাতে হয়। সেই তালিকা ইউনিয়ন পরিষদের সভায় অনুমোদনের পর কারিগরি সহায়তার জন্য উপজেলা পরিষদে পাঠাতে হবে। উপজেলা সমন্বয় কমিটি যাচাই-বাছাই করে প্রকল্পগুলোর অনুমোদন দিলে কাজ বাস্তবায়ন হবে। উপজেলা সমন্বয় কমিটির সভাপতি ইউএনও।
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন বলেন, ইউনিয়ন পর্যায়ে সাধারণত গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাকা করা হয়ে থাকে।
এসব বিষয়ে ইউপি চেয়ারম্যান আবদুল মতিন সরকার বলেন, আওয়ামী লীগ নেতার প্রভাবে রাস্তা নির্মাণের অভিযোগ সঠিক নয়। ইউনিয়ন পরিষদ সদস্যদের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ওই রাস্তা নির্মাণ করা হয়েছে।