নেতার বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বরইচারা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় জিকে প্রকল্পের খালের পাড়ে লাগানো ৩০টি কাঁঠাল ও আমগাছ আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ও তাঁর সহযোগীরা কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গত শনিবার দুপুরে স্থানীয় পান্টি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাটা গাছের কিছু অংশ জব্দ করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, প্রায় ১৫ বছর আগে চাঁদপুর ইউনিয়নের বরইচারা গ্রামের পাশে জিকে প্রকল্পের খালপাড়ে আধা কিলোমিটার এলাকায় কাঁঠাল ও আমগাছ লাগানো হয়েছিল। গত শুক্রবার সকাল থেকে হঠাৎ করে ২০-৩০ জন শ্রমিক গাছ কাটতে থাকেন। চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নেহাল উদ্দীন, নেহালের ভাই আলহাজ ও কাঠব্যবসায়ী মানিক মিলে এসব গাছ কাটান।
এ ব্যাপারে নজরুল ইসলাম জানান, গত তিন দিন তিনি এলাকায় ছিলেন না। গাছ কাটার সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন বলে দাবি করেন। তবে নেহাল, আলহাজ ও মানিক তাঁর আত্মীয় এবং দলের সমর্থক বলে তিনি স্বীকার করেন।
গত শনিবার বিকেল চারটার দিকে সরেজমিনে দেখা যায়, খালের পাড়ে গাছের কয়েকটি গুঁড়ি পড়ে আছে। গাছগুলো কাটার পর গর্ত মাটি দিয়ে ভরাট করা রয়েছে। স্থানীয় এক বৃদ্ধা কাটা কাঁঠালগাছের পাতা সংগ্রহ করছিলেন। তিনি জানান, ‘এখানে বড় বড় প্রায় ৩০টি কাঁঠাল ও আমগাছ ছিল। আলহাজের লোকজন কেটে নিয়ে গেছে।’
নাম প্রকাশ না করার শর্তে খালপাড়ের আরেক বাসিন্দা বলেন, আওয়ামী লীগের লোকজন গাছ কেটে নিয়ে গেছে। এ জন্য কেউ কিছু বলার সাহস পায়নি। গাছগুলোর দাম প্রায় ছয় লাখ টাকা। কাটা গাছগুলো পাশের বাঁশগ্রাম বাজারের করাতকলে বিক্রি করা হয়েছে।
পান্টি পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে কিছু গাছ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গর্ত দেখে মনে হয়েছে, দুই দিনে ২৮ থেকে ৩০টি গাছ কাটা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি।
চাঁদপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘সরকারি জায়গায় লাগানো গাছ স্থানীয় কয়েকজন কেটে নিয়ে গেছে বলে শুনেছি।’
পাউবো কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। সামাজিক বন বিভাগের আওতায় স্থানীয় বাসিন্দারা গাছগুলো লাগিয়েছিলেন। এগুলো কাটার সময় অবশ্যই বন বিভাগের অনুমতিতে জিকে প্রকল্পের কর্মকর্তাদের জানানো উচিত।