নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির উপদেষ্টা মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী মো. জাকির হোসেন। গতকাল রোববার বেলা ১১টায় কুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউ এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মো. জাকির হোসেন বলেন, সুলতানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে থেকে দলের তৃণমূলের নেতা-কর্মীদের পছন্দে বিএনপি তাঁকে মনোনয়ন দেয়। মনোনয়ন পেয়ে গণসংযোগও চালাচ্ছিলেন। দল থেকে মনোনয়ন পাওয়ার পর মঞ্জুরুল আহসান মুন্সী দলীয় তহবিলের নামে ১০ লাখ টাকা দাবি করেন। তিনি দুই লাখ টাকা দেন। এরপর আরও টাকা চাইলে তাঁকে তিন লাখ টাকা করে ছয় লাখ টাকার দুটি চেক দিই। বর্তমানে ওই টাকা দেওয়ার জন্য তিনি ও তাঁর অনুসারীরা তাঁকে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় আছেন।
অন্য প্রার্থীর কাছ থেকে সুবিধা নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নই আসে না। দল ও দলের নেতা আমার বিপক্ষে অবস্থান নিয়ে চাঁদা দাবি করায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
অভিযোগ প্রসঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, ‘জাকির হোসেনের কাছ থেকে চাঁদা দাবি কিংবা টাকা আদায়ের অভিযোগ একেবারেই অসত্য। তাঁর কাছ থেকে কোনো ধরনের চেক গ্রহণ করিনি। কেন তিনি ওই অভিযোগ করছেন, তা আমার বোধগম্য নয়।’