নেতার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও বিএনপির নেতা লুৎফর রহমানের বিরুদ্ধে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) প্রকল্পের অধীনে মাঠ ভরাটের জন্য বরাদ্দ দেওয়া আট মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে বিশেষ কাবিখা প্রকল্পের আওতায় দুই দফায় ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এই চাল দিয়ে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার সড়ক সংস্কার, নির্মাণ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাট করার কথা। পৌরসভার মাঠ ভরাটের জন্য একটি প্রকল্প উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে দাখিল করা হয়। একই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দহবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমানকে এ প্রকল্পের সভাপতি করা হয়। গত ৩০ জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার কথা। প্রকল্পের সভাপতি ৩০ জুনের মধ্যে গুদাম থেকে চাল তুলে নিলেও মাঠ ভরাটের কাজ শেষ করতে পারেননি।পৌরসভার কলেজপাড়ার ব্যবসায়ী নরেণ সরকার বলেন, পৌরসভার মাঠসংলগ্ন সড়ক দিয়েই প্রতিদিন ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। কাবিখা প্রকল্পের আওতায় মাটির কাজ চোখে পড়েনি।পৌরসভার মেয়র নুরুন্নবী প্রামাণিক বলেন, কয়েক মাস আগে পৌরসভার উদ্যোগে আট লাখ টাকা ব্যয়ে এই মাঠ ভরাটসহ আশপাশের সড়ক সংস্কারকাজ করা হয়েছে। কাবিখার চাল দিয়ে পৌরসভার মাঠ ভরাটের কোনো কাজ করা হয়নি। তবে একাধিকবার তাগাদা দেওয়ার পর লুৎফর রহমান মাঠের সীমানা প্রাচীরের সামান্য কাজ করে দিয়েছেন।ইউএনও আহসান হাবীব জানান, অভিযোগটি তদন্তের জন্য পিআইওকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে টাকা ফেরত চাওয়াসহ ওই প্রকল্পের সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।লুৎফর রহমান চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ করা সম্ভব হয়নি। অবশিষ্ট কাজ পরে করা হবে।