কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের সংস্কারকাজ এখনো শুরুই হয়নি। অথচ গত ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কাজ শেষ করতে সময় বেঁধে দিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম হানিফ। গত ১১ ফেব্রুয়ারি কুষ্টিয়া শিল্পকলা একাডেমী চত্বরে সুধী সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছিলেন, ‘এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কাজ শেষ না হলে ঠিকাদার ও সরকারি প্রকৌশলী দুজনই দায়ী থাকবেন। উভয়ের বিরুদ্ধেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তখন আর আমাদের লোক বলে খাতির করতে পারব না।’ স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কটি ছয় মাস ধরে বেহাল অবস্থায় রয়েছে। ওই মহাসড়কের কার্পেটিংয়ের উপরিভাগ গত দুই মাস আগে তুলে ফেলা হয়। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অনেক যানবাহন প্রতিদিন ওই সড়ক ব্যবহার করে। এতে বেহাল ওই সড়কে প্রচুর ধুলো উড়ছে, যা এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্কারকাজ শুরু করার দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ছয় মাসে চারবার ধর্মঘট ডেকেছে। এ ব্যাপারে কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, অর্থ পাওয়া গেছে। খুব শিগগিরই কাজ শুরু হয়ে জুনের মধ্যেই শেষ হবে বলে আশা করা যায়।