নেতার মুক্তির দাবিতে শ্রমিক ইউনিয়নের হুঁশিয়ারি
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রশাসনকে আগামী সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেক এ হুঁশিয়ারি দেন।
দুপুর ১২টার দিকে ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আবদুল খালেক বলেন, সোমবারের মধ্যে সাইদুর রহমানকে মুক্তি না দিলে মঙ্গলবার থেকে জেলার সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সাইদুর রহমানকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দমকল বাহিনী আয়োজিত অগ্নিনির্বাপণ মহড়ার অনুষ্ঠানে প্রশাসনের আমন্ত্রণে তিনি ট্রাক টার্মিনালে গিয়েছিলেন। তাঁর কাছে কোনো ককটেল বা পেট্রলবোমা ছিল না।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের টার্মিনাল এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইদুর রহমানকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহিমের ভাষ্যমতে, সাইদুর রহমান ১০টি ককটেল ও পাঁচটি পেট্রলবোমা নিয়ে কয়েকজন সহযোগীসহ ট্রাক টার্মিনাল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে তাঁর সহযোগীরা পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি পাঁচটি মামলার পলাতক আসামি। তিনি জামায়াতের রোকন সদস্য। সাইদুর রহমানের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেছে ডিবি পুলিশ।