নেতার মুক্তির দাবিতে ৭০টি চা-বাগানে কর্মবিরতি

চা-শিল্পাঞ্চলের বালিশিরা ভ্যালিসহ (কয়েকটি চা-বাগান নিয়ে একটি ভ্যালি) ৭০টি চা-বাগানে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকেরা। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি কমিটির সভাপতি বিজয় হাজরার নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার বালিশিরা ভ্যালি কমিটি এই কর্মবিরতির ডাক দেয়।
চা-শ্রমিক ইউনিয়ন, চা-বাগান পঞ্চায়েত এবং বালিশিরা ভ্যালি সূত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলার একটি মামলায় গত মঙ্গলবার বিজয় হাজরার জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে জেল হাজতে পাঠান। তাঁর নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে বালিশিরা ভ্যালির পক্ষ থেকে ভ্যালির অন্তর্ভুক্ত মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, চুনারুঘাট, বাহুবল ও নবীগঞ্জ উপজেলার ৬৪টি চা-বাগানে একই সঙ্গে তিন ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়। এতে ভ্যালির অন্তর্ভুক্ত বাগান ছাড়াও অন্য ভ্যালির আরও ছয়টি বাগানে ধর্মঘট হয়েছে। এই ৭০টি চা-বাগানে সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রমিকেরা ধর্মঘট পালন করেন। এ সময় শ্রমিকেরা চা-বাগানের বিভিন্ন স্থানে অবস্থান নেন। সবকটি বাগানে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করা হয়েছে।
বালিশিরা ভ্যালি কমিটির সাধারণ সম্পাদক দেবেন্দ্র বাড়াইক বলেন, ‘ভ্যালির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নিতে দাবি জানিয়েছি। এ জন্য তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। মামলা প্রত্যাহার করা না হলে পরে ইউনিয়ন নেতাদের সঙ্গে কথা বলে অনির্দিষ্টকালের কর্মসূচি দেওয়া হতে পারে। তবে এখন আইনগতভাবেই আমরা অগ্রসর হব।’
মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা-বাগানের ব্যবস্থাপক লিটন বাহাউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘটের সময় শ্রমিকেরা কাজে যাননি। ধর্মঘট শেষে সবাই কাজে যোগ দিয়েছেন।’
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ‘বিজয় হাজরার নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শুধু বালিশিরা ভ্যালিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অন্য ভ্যালির আরও পাঁচ-ছয়টি বাগানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন।’
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল বলেন, ‘পাঁচ-ছয় মাস আগে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছিল। বিজয় হাজরা সেই মামলার আসামি।’