নেতার লোভে চাষির সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে এক মাছচাষির পুকুর থেকে জোর করে বালু তুলে সড়ক ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এতে পুকুরের পাঁচ লাখ টাকার মাছ মরে যাওয়ায় ওই ব্যক্তি নিঃস্ব হয়ে পথে বসতে বসেছেন।

এই ব্যাপারে ওই ব্যক্তি গত ৩১ অক্টোবর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গৌরনদী কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডির বরিশাল কার্যালয় উপজেলার মাহিলাড়া প্রাচীন মঠ থেকে সরিকল পর্যন্ত এক হাজার ৬৫০ মিটার সড়ক নির্মাণের জন্য ২০১২ সালের অক্টোবরে দরপত্র আহ্বান করে। এ জন্য ৯৮ লাখ ৬০ হাজার ৪৮৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই বছরের নভেম্বরে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন ভুঁইয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সান্টু ট্রেডার্সকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু চলতি বছরের অক্টোবরে এই কাজ শুরু করা হয়।

স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, আলাউদ্দিন ভুঁইয়া সড়কটি ভরাট করার জন্য সড়কসংলগ্ন বছার গ্রামের আয়নাল সরদারের পুকুরে যন্ত্র বসিয়ে জোর করে বালু তুলছেন। এক মাস ধরে বালু তোলায় পুকুরের সব মাছ মরে গেছে এবং দক্ষিণ পাড় ধসে পড়েছে।

আয়নাল বলেন, ‘খেমতা দেহাইয়া মোর পুহুর থেইক্কা জোর কইররা বালু নিয়ে মোরে শেষ কইররা দিছে। এ্যাহন মুই কী দিয়া পোলাপান লইয়া বাঁচমু।’

নাম প্রকাশ না করার শর্তে এলজিইডির গৌরনদী কার্যালয়ের এক কর্মকর্তা জানান, সড়কটি বালু দিয়ে ভরাট করার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রাক্কলন করা আছে। ঠিকাদার অধিক লাভের আশায় প্রকল্প এলাকার পুকুর থেকে কম টাকা খরচ করে বালু তুলছেন।

মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহ অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানান, ঠিকাদার ক্ষমতার জোরে পরিবারটিকে নিঃস্ব করে দিয়েছেন।

এ বিষয়ে আলাউদ্দিন ভুঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর ছোট ভাই সান্টু ভূঁইয়া বলেন, জোরপূর্বক নয়, পুকুর মালিকের সঙ্গে আলাপ করে বালু তোলা হয়েছে।

 উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস বলেন, ঠিকাদারের সঙ্গে সড়ক নির্মাণের বিষয়ে চুক্তি হয়েছে। তিনি মালামাল কোথায় থেকে আনবেন সেটা তাঁর ব্যাপার।