নেতারা কর্মসূচি স্থগিত করলেও সাধারণ শিক্ষকেরা আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতারা গতকাল বুধবার তাঁদের অবস্থান কর্মসূচি স্থগিত করলেও সাধারণ শিক্ষকেরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এদিকে, আন্দোলন করতে আসা একজন শিক্ষক মারা গেছেন। তাঁর নাম আজিজুর রহমান। বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ ঘোষেরপাড়া গ্রামে। মুক্তিযোদ্ধা এই শিক্ষককে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।মরহুমের জামাতা মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি আসার পর রাতে তাঁর শ্বশুর মারা যান। ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান আবদুস সালাম মিয়া বলেন, মঙ্গলবার শাহবাগে এই শিক্ষক আহত হয়েছিলেন। কিন্তু পুলিশ ও পারিবারিক সূত্র বলছে, কর্মসূচিতে এসে অসুস্থ বোধ করায় তিনি বাড়ি ফিরে যান। পরে মারা যান।আজিজুর মাদারগঞ্জের চরভাটিয়ান রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।তুমি ঘুমাইও না, আমি বাড়িতে আসতাছি: আজিজুর রহমানের স্ত্রী হাজরা খাতুন প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার ঢাকায় পুলিশি হামলার মধ্যে পড়ে অসুস্থ ও ভীতসন্ত্রস্ত অবস্থায় বাসে বাড়ি ফেরার পথে মুঠোফোনে আমাকে বলেছিলেন, “তুমি ঘুমাইও না। আমি বাড়িতে আসতাছি।”’ তিনি জানান, তাঁর স্বামী মঙ্গলবার দুপুরে ঢাকায় শিক্ষকদের মিছিলে পুলিশের লাঠিপেটা ও গরম পানি নিক্ষেপের মধ্যে পড়েছিলেন। তবে তিনি লাঠিপেটায় আহত হননি। পুলিশের মারমুখী অবস্থা দেখে দৌড় দেন এবং অসুস্থ হয়ে পড়েন। রাত ১০টায় তিনি বাসায় পৌঁছে আরও অসুস্থ হয়ে পড়েন। রাত ১১টার দিকে তিনি মারা যান।হাজরা খাতুনও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।এদিকে সন্ধ্যায় বেসরকারি শিক্ষক ঐক্য পরিষদের নেতারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এক সপ্তাহের মধ্যে বৈঠক করিয়ে দেওয়ার আশ্বাসে তাঁরা কর্মসূচি স্থগিত করেন। এরপর শিক্ষকনেতা শহীদ মিনারে গিয়ে কর্মসূচি স্থগিতের কথা জানালে সাধারণ শিক্ষকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা শহীদ মিনার এলাকা না ছাড়ার ঘোষণা দেন। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান করছিলেন। তাঁরা বলেছেন, তাঁদের চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত তাঁরা এখানেই অবস্থান করবেন।মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে মিছিল বের করেন শিক্ষকেরা। মিছিলটি শাহবাগে পৌঁছালে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। পুলিশ জলকামান থেকে গরম পানি ছোড়ে। এ সময় কয়েকজন শিক্ষক আহত হন। এরপর তাঁরা শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।