নেতারা ছোটেন ভোটের পেছনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বিষহ যানজট, নর্দমা উপচে পড়ে নোংরা পানি, বৈদ্যুতিক খুঁটিতে বাল্ব নেই, রাস্তার পাশে আবর্জনার স্তূপ—এই তো সৈয়দপুর পৌরসভা। হতাশ কণ্ঠে নিজ পৌরসভার এ রকম চিত্রই তুলে ধরলেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার একাধিক ভোটার। আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত জনপ্রতিনিধির রূপ ব্যাখ্যা করতে গিয়ে গতকাল মঙ্গলবার পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব কথা বলেন।
পৌরসভার সূত্রমতে, ১৯৫৮ সালে এ পৌরসভা প্রতিষ্ঠিত। ১৯৯৭ সালে সৈয়দপুর প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। তখন এখানে পৌর চেয়ারম্যান ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার। তিনি পৌরসভার বর্তমান মেয়রও। মাঝে ২০০১ সালে তিনি অবশ্য চারদলীয় জোট থেকে নীলফামারী-৪ আসনের সাংসদ নির্বাচিত হন। এরপর ২০০৪ সালে এ পৌরসভার মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের আখতার হোসেন বাদল। ২০১১ সালে আমজাদ পুনরায় মেয়র হন।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রকৌশলী নূরুজ্জামান জোয়ার্দার বলেন, পৌরসভা প্রথম শ্রেণির হলেও নাগরিক সুবিধা তৃতীয় শ্রেণির। শহরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা, রেলওয়ে পুলিশ লাইন ও পুলিশ সুপারের কার্যালয়, বিমানবন্দর, সেনানিবাস, বিসিক শিল্পনগরী, উত্তরাঞ্চলের বড় ব্যবসায়ী মোকাম গড়ে উঠলেও শহরের উন্নয়ন হয়নি। যে জনপ্রতিনিধি শহর উন্নয়নে ভূমিকা রাখবেন, তাঁকেই ভোট দেবেন বলে জানান তিনি।
শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজাউল হক বলেন, নেতারা সববাই ছোটেন ভোটের পেছনে। ফলে যাঁরা সড়ক দখল করেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না। তিনি বলেন, ‘আমি পরিবর্তনের পক্ষে।’
সৈয়দপুর রেলওয়ে স্টেশনটির একটি অংশ পড়েছে ১৩ নম্বর ওয়ার্ডে। স্টেশনের কুলি আলী হোসেন ভুলু বলেন, ‘যিনি আমাদের প্রতিশ্রুতি দেবেন সড়কের উন্নয়ন হবে, গরিবদের হক ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে বণ্টন করবেন, তাঁকেই আমরা ভোট দেব।’
সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালিদ হোসেন বলেছেন, ‘শহরে শিশুদের বিনোদনের ব্যবস্থা নেই। একটি শিশুপার্ক দাবি করছি। যে প্রার্থী আমাদের দাবির পক্ষে থাকবেন, তাঁকেই ভোট দেব।’