নেতারা নিষ্ক্রিয়, হরতালের চিন্তা তবু বিএনপির
হরতাল ডেকে ঘরে বসে সময় পার করছেন বিএনপির নীতিনির্ধারক ও কেন্দ্রীয় কমিটির নেতারা। আর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শরিকদের মধ্যে শুধু জামায়াতে ইসলামীর হরতালের সমর্থনে কিছু ঝটিকা মিছিল চোখে পড়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিয়মিত ব্রিফিং বা সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশে হরতাল পালনে তাঁদের নেতা-কর্মীদের অংশগ্রহণ তেমন দেখা যায় না। প্রতিদিন বিকেলে হরতালের যে চিত্র বিএনপি তুলে ধরে, সেখানে দেখা যায় ২৫-৩০টি জেলায় হরতালের সমর্থনে দলীয় কর্মীরা মাঠে নেমেছেন।
অথচ বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মাঠে নামতে দল ও জোটের নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন। কিন্তু দুই দফায় ছয় দিনের হরতালে তাঁর এ আহ্বান বা নির্দেশে সাড়া মেলেনি।
কোথাও কোথাও বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মীরা ককটেল ফাটিয়ে বা একটি গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করে তার ছবি তুলে গণমাধ্যম এবং বিএনপির কার্যালয়ে পাঠিয়ে দিচ্ছেন। কোনো কোনো নেতা বিভিন্ন টেলিভিশন ও দপত্রের রিপোর্টারদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হরতালে পিকেটিংয়ে তাঁর সম্পৃক্ততার কথা জানান।
হরতালে মাঠে না থাকার জন্য বিএনপি পুলিশকে দায়ী করেছে। দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন, ঢাকাসহ যেসব মহানগর ও জেলায় পুলিশ বেশি সক্রিয়, সেখানে হরতালে পিকেটিং হয়নি। দলের নেতারা আশা প্রকাশ করেছেন, মেয়াদের শেষ পর্যায়ে পুলিশের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। তখন পুলিশ ও প্রশাসন দায়িত্ব পালনে ঢিলেমি করবে। ফলে তাঁদের আন্দোলন আরও জোরদার হবে। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেছেন, তাঁরা হরতাল জোর করে পালন করাতে চান না। তাঁরা চান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করুক। এখন হরতালে সেই চিত্র লক্ষ করা যাচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্ত-ভাবে হরতাল পালন করছে।
দুই দফা হরতালে দেখা গেছে, প্রথমবার অর্থাৎ ২৭ থেকে ২৯ অক্টোবরের হরতালে বিএনপি ও জোটের নেতারা যতটা সক্রিয় ছিলেন, দ্বিতীয় দফায় ৪ থেকে ৬ নভেম্বর তিন দিনের হরতালে কর্মীদের ততটা সরব দেখা যায়নি। নেতা-কর্মীদের এমন নিষ্ক্রিয়তার মধ্যে বিএনপি জোট আবারও আগামী সপ্তাহে হরতাল দেওয়ার চিন্তা করছে। সম্ভাব্য ১১ ও ১২ নভেম্বর এ হরতাল ডাকা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা দাবি আদায়ের চলমান আন্দোলন পদ্ধতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, টানা হরতাল বা অবরোধ চালিয়ে নেওয়ার মতো শক্তি সম্ভবত বিএনপির নেই। নির্বাচন প্রতিহত করা বা ভোটার উপস্থিতি কমাতে ভোটের আগ মুহূর্তে কয়েক দিনের টানা কর্মসূচি দেওয়া যেতে পারে। আগামী দুই মাস কর্মসূচি পালনের মতো অবস্থা যে বিএনপির নেই, তা ছয় দিনের হরতালে প্রমাণ হয়ে গেছে।
ঢাকার বাইরে কিছুটা সক্রিয়: ২৭, ২৮ ও ২৯ অক্টোবরের হরতালে ঢাকার বাইরে কয়েকটি জেলা ও মহানগরে বিএনপি ও জামায়াতকে কিছুটা সক্রিয় দেখা যায়। কিন্তু গতকাল বুধবার শেষ হওয়া দ্বিতীয় দফার তিন দিনের হরতালে জোটের কর্মীরা একেবারেই নিষ্ক্রিয় ছিলেন। ঢাকার বাইরেও তেমন তৎপরতা ছিল না। দুই দফায় ছয় দিনের হরতালে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন চট্টগ্রাম মহানগরের নেতারা। কেন্দ্রীয় কমিটিতে আছেন এমন নেতারাও চট্টগ্রামে গিয়ে মিছিল-সমাবেশ করেছেন।
চট্টগ্রাম মহানগর ও কেন্দ্রীয় কমিটির একজন নেতা প্রথম আলোকে বলেন, তাঁদের কর্মীরা হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে ঢাকায় নেতা-কর্মীরা বের না হওয়ায় চট্টগ্রামের কর্মীরা প্রশ্ন করছেন। তিনি বলেন, তাঁরা মার খাবেন, গ্রেপ্তার হবেন, আর ঢাকার নেতারা বসে থাকবেন, তা হয় না। ঢাকায় আন্দোলন জোরদার না হলে সারা দেশে আন্দোলন ঝিমিয়ে পড়বে। ঢাকার বাইরে লালমনিরহাট, খুলনা, বরিশাল, সিরাজগঞ্জ, চাঁদপুর ও রাজশাহীতে বিএনপির নেতারা বেশি সক্রিয় ছিলেন। নবনির্বাচিত পাঁচটি সিটি করপোরেশনের মেয়ররাও হরতালে কখনো কখনো মাঠে নেমেছেন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বৃহত্তর নোয়াখালী ও বগুড়ায় হরতালের সময় সেখানকার নেতারা সরাসরি অংশ নেন।
ঢাকায় বিএনপির নেতাদের মধ্যে শুধু মহানগরের সদস্যসচিব আবদুস সালামকে কেন্দ্রীয় কার্যালয়ে দেখা যায়। হরতালের সময়টায় সেখানেই অবস্থান করেন তিনি। কমিটির আহ্বায়ক ও অন্য যুগ্ম আহ্বায়কদের রাজপথে দেখা যায় না। ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনারদের কাউকে কাউকে প্রায়ই গুলশান কার্যালয়ে দেখা যায়। তবে হরতালের সময় মাঠে দেখা যায় না।
কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবস্থান করেন। সেখানে তাঁরা বিভিন্ন সময় সাংবাদিকদের ব্রিফিং করেন। তাঁদের সঙ্গে তিন সহদপ্তর সম্পাদকসহ ১০-১২ জন নেতাকে হরতালের সময় দেখা যায়।
এম এ সালাম প্রথম আলোকে বলেন, ঢাকায় মিছিল-সমাবেশ করা দূরের কথা, পুলিশ বিরোধী দলের নেতা-কর্মীদের রাস্তায় দাঁড়াতেই দেয় না। মিছিলের চেষ্টা করলে সরাসরি গুলি করছে। মিছিল করতে গিয়ে কেউ আটক হলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দিচ্ছেন।
জামায়াত নামছে না: বিএনপি চলমান আন্দোলন সফল করতে অনেকাংশেই জামায়াতে ইসলামীর ওপর নির্ভর করে আছে। কিন্তু এ হরতালে জামায়াতের নেতা-কর্মীদেরও তেমন দেখা যায়নি। প্রথম দফার তিন দিনের হরতালে ঢাকার বাইরে কয়েকটি স্থানে জামায়াতকে সক্রিয় দেখা গেছে। কিন্তু এরপর তারা ছিল অনেকটাই নিষ্ক্রিয়। জানতে চাইলে জামায়াতের একজন নেতা বলেন, ঢাকায় তাঁদের সঙ্গে বিএনপির কোনো সমন্বয় হচ্ছে না। বিশেষ করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দূরত্ব থাকায় এরা যৌথভাবে কাজ করতে পারছে না। জামায়াতের কর্মীরা অবশ্য বলেছেন, বিএনপি হলো জোটের প্রধান শক্তি। আন্দোলন সফল হলে তারাই আগামীবার ক্ষমতায় যাবে। মূল শক্তি মাঠে না থাকলে সহায়ক শক্তির পক্ষে কতটা করা সম্ভব।