নেতারা যার যার মতো কর্মীরা নেই রাজপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাধিক ধারায় বিভক্ত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি নয় বছর। এতে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। বিভিন্ন কর্মসূচিতে নেতা-কর্মীদের রাজপথে তেমন একটা দেখা মেলে না।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৫ এপ্রিল সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। বিগত সংসদ নির্বাচনের পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ খন্দকার রশীদুজ্জামান অসুস্থ থাকায় ঢাকায় থাকেন। সাত সহসভাপতির মধ্যে জুলফিকার আলী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। সহসভাপতি আবদুল হামিদের বয়স সত্তরের ওপর। কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী অনুগতদের নিয়ে আলাদাভাবে চলেন। মাহবুব উল আলম হানিফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তিনি কেন্দ্রীয় রাজনীতি নিয়েই ব্যস্ত থাকেন। রবিউল ইসলামকে নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী দলীয় কার্যক্রম চালান। আরেক সহসভাপতি বায়েজীদ আক্কাচ চলেন ভিন্ন ধারায়।জানতে চাইলে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, কেউই একে অপরকে সহ্য করতে পারেন না। সাংসদদের সঙ্গে নেতা-কর্মীদের বিরোধ, রেষারেষিতে বিরোধী পক্ষ সুযোগ পাচ্ছে। এটা দলের জন্য নেতিবাচক। দলের মঙ্গলের জন্য নতুন কমিটি খুবই জরুরি।দলের এ অবস্থায় সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বলেন, সাংগঠানিক কার্যক্রম ঠিকমতো হচ্ছে না। কার্যত স্থবির হয়ে পড়েছে। দল এভাবে চলতে পারে না। নেতা-কর্মীদের চাঙা ও দলে গতি আনতে কমিটি পরিবর্তনের বিকল্প নেই।সহসভাপতি আনোয়ার আলী বলেন, নেতৃত্ব শূন্যতার কারণে কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বর্তমান অবস্থা কাটিয়ে উঠতে না পারলে সামনের নির্বাচনে চারটি আসনই হারানোর আশঙ্কা রয়েছে। নতুন-পুরোনো মিলে গ্রহণযোগ্য কমিটি এখনই প্রয়োজন।সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, দৌলতপুর উপজেলা বাদে বাকি পাঁচ উপজেলায় কমিটি হয়ে গেছে। আশা করা যাচ্ছে, শিগগির সম্মেলন হবে।