ঢাকা থেকে কুয়াকাটা, বেনাপোল ও আখাউড়ায় উচ্চক্ষমতার ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপনের জন্য টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) চুক্তি বহাল রেখে এ কাজে এর আগের সফল দরদাতা মনোনীত প্রতিষ্ঠান নেতাশকে ১০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন পক্ষের করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আদেশ দেন।
আদালতে বিটিসিএলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। টেশিসের পক্ষে ছিলেন আইনজীবী কামাল উল আলম। তাঁদের সহযোগিতা করেন বিটিসিএলের আইন উপদেষ্টা কাজী মাঈনুল হাসান। নেতাশের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও মাহফুজুর রহমান।
পরে কাজী মাঈনুল হাসান প্রথম আলোকে বলেন, বিটিসিএল, নেতাশ ও টেশিসের করা তিনটি লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। যন্ত্রপাতি কেনায় বিটিসিএলের সঙ্গে টেশিসের কার্যাদেশ বহাল এবং নেতাশকে ১০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
ওই কাজের জন্য গত এপ্রিলে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিটিসিএল। কারিগরি ও দরপত্র মূল্যায়ন কমিটি যুক্তরাষ্ট্রের সিয়েনা থেকে যন্ত্রপাতি কেনার সুপারিশ করে এবং সিয়েনার যন্ত্রপাতি সরবরাহ প্রস্তাবকারী প্রতিষ্ঠান নেতাশকে সফল দরদাতা মনোনীত করে। এরপর ১৫ অক্টোবর বিটিসিএলের পরিচালনা পর্ষদ পুরো দরপত্র-প্রক্রিয়া বাতিল করে দেয় এবং বিনা দরপত্রে এসব যন্ত্রপাতি কেনা ও স্থাপনের জন্য টেশিসের সঙ্গে চুক্তি করে।
এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে নেতাশ। হাইকোর্ট ১২ ডিসেম্বর রায় দেন। তাতে টেশিসের সঙ্গে বিটিসিএলের চুক্তি অবৈধ ঘোষণা করে আবার দরপত্র ডাকার ব্যবস্থা নিতে বলেন। এই আদেশের বিরুদ্ধে বিটিসিএল, টেশিস ও নেতাশ পৃথক আবেদন করে, যা চেম্বার বিচারপতির আদালত হয়ে আপিল বিভাগে আসে।