নেতা-কর্মীদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ‘দিশেহারা হয়ে’ বিএনপির নেতা-কর্মীদের অন্যায়ভাবে আটক করছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রিজভী এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, গণতন্ত্রের তুবড়ি ছুটিয়ে সরকারের মন্ত্রীরা এখন বিএনপির চেয়ারপারসনকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছেন।
রিজভী বলেন, রোজার পর আন্দোলনের ডাকে ভীত হয়ে সরকারের ঘুম হারাম হয়ে গেছে। আন্দোলন ঠেকাতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিএনপির নেতা-কর্মীদের অন্যায়ভাবে আটক ও হয়রানি করছে। দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক—সব দিক থেকে পঙ্গু করে দেওয়া হচ্ছে।
বিএনপির এই নেতা দাবি করেন, দেশব্যাপী গুম, খুন, অপহরণ ও গুপ্ত হত্যার শিকল তৈরি করে সেই শিকলে জনগণকে বেঁধে ফেলার চেষ্টা চলছে। গণতন্ত্রের শেষ জীবনীশক্তিটুকুকে টিপে মেরে ফেলার জন্য এসব করা হচ্ছে। এই অবৈধ সরকারের ক্ষুরধার নখের আঁচড়ে বাংলাদেশ এখন রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছে। তিনি গণতন্ত্রের প্রধান চর্চা কেন্দ্র জাতীয় সংসদ এখন গানবাজনার বিচিত্রানুষ্ঠানের কেন্দ্রে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।