নেতা-কর্মীদের উজ্জীবিত করে গেলেন বিএনপি নেতারা
কুড়িগ্রামের তিনটি পৌরসভায় ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমে প্রার্থী ও নেতা-কর্মীদেরও উজ্জীবিত করে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান। গতকাল রোববার উলিপুর, শনিবার রাতে নাগেশ্বরী ও কুড়িগ্রাম পৌরসভায় বিএনপির প্রার্থীদের পক্ষে গণসংযোগ করেন তিনি।
গত শনিবার রাতে তিনি লালমনিরহাট থেকে নাগেশ্বরী এসে বাসস্ট্যান্ডেই এক পথসভায় বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের অতীত ইতিহাস বলে দেয় নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু হয়। এবারও পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে চাই।’ পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ রেজোয়ানুল হক, সাবেক সাংসদ আখতারুজ্জামান মিয়া, বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিভাগীয় জাতীয়তাবাদী মহিলা দল রংপুরের সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ বিলকিস ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল খালেক, ফরহাদ আজাদ, জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সাইফুর রহমান রানা, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা ও মেয়র পদপ্রার্থী পৌর বিএনপির সভাপতি আদম আলী প্রমুখ।
এ সময় মাহবুবুর রহমান আরও বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের কারারুদ্ধ করে রেখেছে সরকার। যাঁরা বাইরে আছেন তাঁদেরও মামলা-মোকাদ্দমা দিয়ে নির্যাতন করছে। আমাদের প্রার্থীরা মুক্তভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না। সরকার লেভেল প্লেয়িং ফিল্ড হতে দিচ্ছে না।’ নির্বাচন থেকে সরে আসার ব্যাপারে তিনি বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষায় নির্বাচনে শেষ ভোটটি হওয়া পর্যন্ত অপেক্ষা করবে।
সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে তিনি শহরে বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এরপর তিনি কুড়িগ্রামে যান। পুরোনো পোস্ট অফিস পাড়া দলীয় কার্যালয়ে পৌঁছে নেতা-কর্মীর শুভেচ্ছা জানান তিনি। এ সময় কেন্দ্রীয় এ নেতা বলেন, পৌরসভা নির্বাচনকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। ধানের শীষের প্রতি মানুষের যে ভালোবাসা তা এখনো অটুট। তবে সরকার ও নির্বাচন কমিশনের যে আচরণ তা নিয়ে অনেক প্রার্থীই আপত্তি তুলছেন। নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ সত্ত্বেও আমরা আশাবাদী। সরকারের প্রশাসন যদি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে দেয় তাহলে কুড়িগ্রামের তিনটি পৌরসভায় ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।
এরপর কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী নুর ইসলাম নুরুকে নিয়ে শহরের নছর উদ্দিন মার্কেট, সুপার মার্কেট, দাদামোড়সহ বেশ কিছু এলাকায় প্রচারণা চালান। রাতে ও গতকাল সকালে উলিপুর পৌরসভার প্রার্থী তারিক আবুল আলার পক্ষে প্রচারণায় অংশ নেন।