নেতিবাচক ধারণার ওপর ভিত্তি করে সম্পাদিত: তথ্য মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের কর্মকাণ্ড নিয়ে করা প্রতিবেদনের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কাছ থেকে ৩১টি প্রশ্নের জবাব পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় বলেছে, ওই গবেষণাকাজে সামাজিক গবেষণায় অনুসৃত পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। গবেষণাকর্মটি সুনির্দিষ্ট নেতিবাচক ধারণার ওপর ভিত্তি করে সম্পাদিত হয়েছে।গতকাল তথ্য বিবরণীতে আরও জানানো হয়, ১৮ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।তথ্য বিবরণীতে বলা হয়, গবেষণা সমস্যার ধারণায়ন থেকে শুরু করে উপাত্ত বিশ্লেষণ পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে ধাপগুলো গবেষণা প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়নি। গবেষণার সমস্যা ধারণায়নের দুর্বলতা গবেষণার পদ্ধতি নির্বাচনকে প্রভাবিত করেছে। বিষয়বস্তু যে ধরনের পদ্ধতি দাবি করে, সে ধরনের পদ্ধতি প্রয়োগ না করে টিআইবি পূর্বধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য সুবিধামতো পদ্ধতি বেছে নিয়েছে এবং পাঠানো জবাবে ওই পদ্ধতিকে যথার্থ বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছে। গত ১৪ অক্টোবর টিআইবির একটি প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদের ১৪৯ জন সাংসদের ৯৭ শতাংশ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। এরপর তথ্য মন্ত্রণালয় প্রথমে প্রতিবেদনের অনুলিপি চায়। অনুলিপি পাওয়ার পর ৫ নভেম্বর প্রতিবেদনের বিষয়ে ৩১টি প্রশ্নের জবাব চায় মন্ত্রণালয়। গত সোমবার টিআইবি প্রশ্নগুলোর জবাব পাঠায়।