নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করে মাহফুজুলের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারের এক দিনের মধ্যেই মাহফুজুল ইসলাম ওরফে শামীম ওরফে সুমন (৩৫) আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে মাহফুজুল নির্বিকারভাবে মানুষ হত্যার কথা স্বীকার করেছেন।
রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে গত শনিবার রাতে মাহফুজুলকে গ্রেপ্তার করা হয়। রোববার সন্ধ্যায় ঢাকার একটি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। ওই ঘটনায় গ্রেপ্তার করা ১১ জনের মধ্যে এ নিয়ে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
গত ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ডাকাতি হয়। ডাকাতদের হামলায় ওই শাখার ব্যবস্থাপকসহ আটজন এবং গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়।
মাহফুজুলকে গ্রেপ্তারের অভিযানে নেতৃত্ব দেওয়া সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, মাহফুজুল নিজে থেকেই পুলিশকে অনেক কিছু বলেছেন। আদালতেও তিনি নিজে থেকেই সবকিছু স্বীকার করেছেন। এরপর আদালত তাঁকে কারা হেফাজতে পাঠান।
আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মাহফুজুলকে অন্য একটি মামলায় খুঁজছে। ডিবিও তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করবে।
ব্যাংকে ডাকাতির ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, এ মামলায় গ্রেপ্তার করা অপর পাঁচ জঙ্গি তাঁদের স্বীকারোক্তিতে বলেছেন, শুধু বয়ান শুনেই তাঁরা জসীমউদ্দীন রাহমানীর (উগ্র জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান) অনুসারী হয়েছেন। সশরীরে এসে, মুঠোফোনে ও অন্যান্য মাধ্যমে তাঁরা জসীমউদ্দীনের বয়ান শুনেছেন। এরপর তাঁরা বিভিন্নভাবে সংগঠিত হয়েছেন। তাঁদের ছোট দলের নেতা ছিলেন মাহফুজুল। প্রতিদিন তাঁরা ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। সেই আয়ও মাহফুজুলকে দিয়ে দিতে হতো। তাঁদের আর্থিক ব্যবস্থার ওপর হামলা চালানোর জন্য বোঝানো হয়েছে।
দীপক চন্দ্র জানান, মাহফুজুলও তাঁর স্বীকারোক্তিতে ডাকাতিতে নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি গত ১০ মার্চ গাজীপুরের বোর্ডবাজারে এক বিকাশ এজেন্টকে খুন করে পাঁচ লাখ টাকা লুটের কথা এবং ২০১৩ সালের আগস্টে বগুড়ায় জঙ্গি আস্তানা থেকে অস্ত্রসহ পালিয়ে আসার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, মাহফুজুল পুলিশের জিজ্ঞাসাবাদে খুবই নির্বিকারভাবে প্রশ্নগুলোর জবাব দিয়েছেন।