নেতৃত্ব নির্বাচনে দুর্বলতায় বিএনপির ভরাডুবি
সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দীন। তিনি পেয়েছেন ৭ হাজার ৮২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী ও বর্তমান মেয়র আবদুস সালাম পেয়েছেন ১৭৩ ভোট। তবে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মাসুদ রায়হান মুকুল পেয়েছেন মাত্র ৮৪ ভোট।
দলটির নেতৃত্ব নির্বাচনে দুর্বলতাকে এই ভরাডুবির কারণ হিসেবে দেখছেন পৌর এলাকার বাসিন্দারা। পৌর এলাকার ১৫ থেকে ২০ জন দলীয় নেতা-কর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।
অপরদিকে পৌরসভাটির নয়টি ওয়ার্ডে মোট ৩৪ জন কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে কাউন্সিলর পদে জয়ী নয়জনই আওয়ামী লীগ-সমর্থক প্রার্থী। সংরক্ষিত ওয়ার্ডে দুজন বিএনপি ও একজন আওয়ামী লীগ-সমর্থক নির্বাচিত হন।
নির্বাচন কমিশন ও প্রার্থীদের দেওয়া তথ্যমতে, বিগত পৌর নির্বাচনে কাজীপুরে বিএনপির প্রার্থী পৌর বিএনপির সভাপতি আবদুস সালাম ২ হাজার ৮৬১ ভোট, আওয়ামী লীগের গোলাম মোস্তফা ২ হাজার ৪৫৬ ও আওয়ামী লীগের নিজাম উদ্দীন পেয়েছিলেন ২ হাজার ৪৪৮ ভোট। সে সময় আওয়ামী লীগের পরাজয়ের কারণ হিসেবে দেখানো হয়েছিল দলের ‘বিদ্রোহী’ প্রার্থীকে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির ১০ থেকে ১২ জন নেতা-কর্মী বলেন, এবারের পৌর নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ভোটের ব্যবধান বাড়ার কারণ ভোট ডাকাতি। সূক্ষ্ম ব্যালট পেপারে সিল মেরে নেওয়ায় ভোটের ফলাফলের এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিএনপির অনেক লোক ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। তাঁদের বলা হয়েছে, তাঁদের ভোটার নম্বরে ইতিমধ্যে ভোট হয়ে গেছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম বলেন, ‘কাজীপুর পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১০ হাজার ২৫৬। এর মধ্যে বিএনপি-সমর্থিত ভোটার অর্ধেকেরও বেশি। তবে এবার নির্বাচনে ভোট গণনায় পেয়েছি ১৭৩, আর বিএনপি প্রার্থীর নামে মাত্র ৮৪ ভোট।’
অন্য এক প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, সঠিকভাবে ভোট না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ভোটারদের কাছ থেকে ব্যালট নিয়ে প্রতিপক্ষের প্রতীকে টেবিলের ওপরেই সিল মারা হয়েছে।
বিএনপিদলীয় প্রার্থী মাসুদ রায়হান বলেন, ‘আমার নিজের ভোটই দিতে পারিনি। বিষয়টি আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবাই জানেন।’