বিশিষ্ট কলামিস্ট, লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, গতানুগতিক ধারার রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাদের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এখন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে, সংগঠিত হতে হবে নতুন নেতৃত্ব দিতে। স্থানীয় সরকার থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতৃত্ব নির্বাচনের দায় এখন নাগরিক সমাজের। গতকাল সোমবার বিকেলে কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে ‘কুমিল্লা সিটি করপোরেশন: নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক—সুজন কুমিল্লার আদর্শ সদর উপজেলা শাখা ওই মতবিনিময় সভার আয়োজন করে। সুজন আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার, সুজন কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী, কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা শাখার আহ্বায়ক শাহ মো. আলমগীর খান, এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সুজন সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রহলাদ দেবনাথ, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, বেসরকারি উন্নয়ন সংস্থা পেইজ কুমিল্লার নির্বাহী পরিচালক লোকমান হাকিম, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মো. আবু ছালেক ও সাংবাদিক অশোক বড়ুয়া। মতবিনিময় সভায় বদিউল আলম মজুমদার বলেন, মানুষ পরিবর্তনের পক্ষে। তাই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দাদের দেখেশুনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। কুমিল্লার অপরিকল্পিত নগরায়ণ ঠেকাতে হবে। না হলে কুমিল্লা কংক্রিটের বস্তিতে পরিণত হবে। তাই এখনই নিজেদের স্বপ্নের শহর নিয়ে রূপরেখা প্রণয়ন করতে হবে। মতবিনিময় সভায় বক্তারা বিতর্কিত রাজনৈতিক নেতা ও গডফাদারদের মনোনয়ন না দেওয়ার দাবি জানান। তাঁরা শহরের রাস্তাঘাট মেরামত, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ ও সুশিক্ষার পরিবেশ সৃষ্টির দাবি জানান।