বিশিষ্ট কলামিস্ট, লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, গতানুগতিক ধারার রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাদের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। স্থানীয় সরকার থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতৃত্ব নির্বাচনের দায় এখন নাগরিক সমাজের। গতকাল সোমবার বিকেলে কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে ‘কুমিল্লা সিটি করপোরেশন: নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক—সুজন কুমিল্লার আদর্শ সদর উপজেলা শাখা ওই মতবিনিময় সভার আয়োজন করে। সুজন আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার, সুজন কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী, কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা শাখার আহ্বায়ক শাহ মো. আলমগীর খান, এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সুজন সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রহলাদ দেবনাথ, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, বেসরকারি উন্নয়ন সংস্থা পেইজ কুমিল্লার নির্বাহী পরিচালক লোকমান হাকিম, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মো. আবু ছালেক ও সাংবাদিক অশোক বড়ুয়া। মতবিনিময় সভায় বদিউল আলম মজুমদার বলেন, মানুষ পরিবর্তনের পক্ষে।