
নিজের ভেতরকার সুপ্ত নেতৃত্ব প্রতিভা কীভাবে বিকশিত করতে হবে, সে বিষয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ পেলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ৪০ শিক্ষার্থী। ভারতের দিল্লিভিত্তিক সংস্থা ‘দ্য গ্লোবাল এডুকেশন অ্যান্ড লিডারশিপ ফাউন্ডেশন’ শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দিয়েছে।
গতকাল শনিবার নগরের এম এম আলী রোডে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে প্রশিক্ষণ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পগোষ্ঠী এ কে খান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি বোর্ডের সদস্য সালাহউদ্দিন কাশেম খান।
অনুষ্ঠানে সালাহউদ্দিন কাশেম খান বলেন, যেসব শিক্ষার্থী এই প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের প্রত্যেকেই দক্ষ ও যোগ্য। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। প্রশিক্ষণ পাওয়া শিক্ষার্থীরা
ভবিষ্যতে যে যাঁর অবস্থানে থেকে দেশকে, সমাজকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য গ্লোবাল এডুকেশন অ্যান্ড লিডারশিপ ফাউন্ডেশনের হেড অব ট্রেনিং রিহা বুবলানি ও প্রোগ্রাম অফিসার ডিম্পল কামরা। প্রশিক্ষণ পাওয়া শিক্ষার্থীদের পক্ষে অভিজ্ঞতার কথা তুলে ধরেন ভিয়েতনাম থেকে পড়তে আসা তিয়েন নুয়েং।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৭ থেকে ১১ মার্চ এই প্রশিক্ষণ কর্মশালা হয়।