সিরাজুল ইসলাম চৌধুরীর বইয়ের ওপর আলোচনা
নেতৃত্ব সুবিধাভোগী শ্রেণির বলে গণমানুষের মুক্তি আসেনি

ব্রিটিশদের হাত থেকে মুক্তির লক্ষ্যে গড়া জাতীয়তাবাদী আন্দোলন অসাম্প্রদায়িক ছিল না। এ জন্য ব্রিটিশদের কাছ থেকে কিছু রাষ্ট্রের স্বাধীনতা পেলেও জনগণের মুক্তি আসেনি। কারণ যাঁরা নেতৃত্ব দিয়েছিলেন, তাঁরা সবাই ছিলেন সমাজের উঁচু ও সুবিধাভোগী শ্রেণির মানুষ। এই অঞ্চলে এখনো এর ধারাবাহিকতা চলছে।
বাংলা একাডেমিতে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি শীর্ষক বইয়ের ওপর এক আলোচনা সভায় গতকাল শুক্রবার বক্তারা এসব কথা বলেন। ১৯০৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়ের ওপর লেখা এই বইটি গত বছর প্রকাশ করে সংহতি প্রকাশন। সিরাজুল ইসলাম চৌধুরীর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে বইয়ের ওপর এ আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বইটি ১০ বছর ধরে আনন্দ নিয়ে লিখেছি। এখন আলোচনা শুনে আরেক দফা আনন্দ পেয়েছি।’ বর্তমান সময় ও বই সম্পর্কে তিনি বলেন, ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল কয়েকটি নির্বাচনের পর। ১৯৭০ সালের নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়। ২৫ বছর ধরে ডাকসু নির্বাচন হচ্ছে না। এটা একটা বন্ধ্যাত্ব। আর এই বন্ধ্যাত্ব জঙ্গি তৈরি করতে সহায়ক হচ্ছে। তিনি বলেন, বর্তমানে ইতিহাস ও রাজনীতিবিমুখতা তৈরি হচ্ছে। এটা ইতিহাস বিকৃতির চেয়েও ভয়াবহ।
১৯৪৭-এর ভারত ভাগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কয়েকটি দেশ স্বাধীন হলেও জনগণের মুক্তি হয়নি উল্লেখ করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ব্রিটিশদের তাড়ানোর জন্য যে জাতীয়তাবাদ তৈরি হয়েছিল, সেটা গণমানুষকে নিয়ে হয়নি। যারা নেতৃত্ব দিয়েছে, তারা নিজেদেরই জাতি মনে করেছে। এ জন্যই জাতীয় মুক্তি আসেনি। নেতাদের স্বপ্নে বা কর্মসূচিতে জনগণের মুক্তি ছিল না। তাঁরা তৈরি করা রাষ্ট্র থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন।’
সভাপতির বক্তব্যে ভাষাসৈনিক আহমদ রফিক বলেন, ব্রিটিশ আমলে যে জাতীয়বাদের ধারণা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, সেটা ছিল ধর্মভিত্তিক। এখনো সেই ধারাবাহিকতা চলছে। আজকের যে জঙ্গিবাদ, সেটা ওই সাম্প্রদায়িক জাতীয়তাবাদেরই ধারাবাহিকতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম রামপাল বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনে সরকারের বাধা দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, এখনকার রাষ্ট্রব্যবস্থায় প্রশ্ন করার সুযোগ নেই। সরকার যেন শুধু মুখপাত্র। শক্তিশালীরা তাদের পেছন থেকে নাড়ায়। এর পেছনে অনেক বিনিয়োগ রয়েছে। প্রশ্ন নয়, শক্তিশালীরা যা সত্য বলে ঘোষণা করে, সবাইকে সেটাই সত্য বলে মেনে নিতে হয়।
অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বর্তমান বুদ্ধিজীবীদের সমালোচনা করে বলেন, ‘আজকের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী-বিদ্যোৎসাহী। তাদের কোনো আওয়াজ দেখছি না। যে সমাজে এমন আত্মসমর্পিত বিদ্যোৎসাহী থাকে, সেই সমাজ বিপজ্জনক। ভরসার বিষয় হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী এখনো স্বাধীন ও সক্রিয় মস্তিষ্ক নিয়ে এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছেন। এমন মেরুদণ্ডসম্পন্ন লোক আরও দরকার।’
ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম সিরাজুল ইসলাম চৌধুরীর কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সমাজের ন্যায়সংগত বিকাশ নিয়ে যে কজন লোক ভেবেছেন, কাজ করছেন, তাঁদের মধ্যে ওপরের দিকে সিরাজুল ইসলাম চৌধুরীর অবস্থান।’
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, সিরাজুল ইসলাম চৌধুরী ও তাঁর বই প্রগতিশীল ও গণতন্ত্রমনা তরুণদের এগিয়ে আসতে সহায়তা করবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, মহাত্মা গান্ধী ধর্মভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতি চালু করেছিলেন। জবাবে মোহাম্মদ আলী জিন্নাহ পরাজিত হয়ে ধর্মভিত্তিক রাজনীতিতে নেমেছিলেন। তাঁরা এর মাধ্যমে দুটি রাষ্ট্র পেয়েছিলেন। কিন্তু জনগণের মুক্তি দিতে পারেননি।
অধ্যাপক আজফার হোসেন বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে জনগণ একপর্যায়ে সম্পৃক্ত হয়, তবে তা ছিল ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমে। বামপন্থীরাও তখন জনগণের রাজনীতি করতে পারেনি। এর ধারাবাহিকতা চলছে এখনো। এখন তো স্বাভাবিক জীবন বা স্বাভাবিক মৃত্যুও নিশ্চিত না। সার্বভৌমত্ব হুমকির মুখে।
নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, ব্রিটিশরা এ অঞ্চলে একটি সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ চেয়েছিল। এ জন্য জাতীয়তাবাদী আন্দোলন সাম্প্রদায়িকতায় বিলীন হয়ে যায়। অধ্যাপক নাসিম আক্তার হোসাইন বলেন, এখন বাংলাদেশ ও ভারতে মূল লক্ষ্য জিডিপি বৃদ্ধি। মানুষের মুক্তির চেতনা এখানে নেই।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, সিরাজুল ইসলাম চৌধুরী তাঁর বইয়ে মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ ও সুভাষ বোসের রাজনীতি ও পরিণতি সুন্দরভাবে তুলে ধরেছেন।