প্রায় ১০ মাস ধরে নেতৃত্বহীনভাবে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের কমিটি না থাকার সুযোগে ক্যাম্পাসের আধিপত্য নিতে তৎপরতা চালাচ্ছে ছাত্রশিবির। সম্প্রতি গোপন বৈঠক করার সময় পুলিশের হাতে ছাত্রশিবিরের তিন কর্মী আটক হন। এই অবস্থায় অবিলম্বে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে আওয়াল কবিরকে সভাপতি, মাজেদুল ইসলামকে সাধারণ সম্পাদক, রেজোয়ান আহমেদকে সহসভাপতি, শামীমা আক্তারকে সাংগঠনিক সম্পাদক এবং আবু হুসাইন ও ফুয়াদ হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তাঁদের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়। কিন্তু ওই কমিটি গঠনের পর থেকেই নেতা-কর্মীদের মধ্যে প্রায়ই কোন্দল ও সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। এ কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি।গত বছরের ৭ আগস্ট ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনার জের ধরে কেন্দ্রীয় নেতারা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেন। এরপর গত বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম (এস এম) হলে বিশেষ খাবারের টোকেন বিতরণ নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের কর্মী নাসিমকে দোতলা থেকে নিচে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। নয় দিন চিকিৎসাধীন থাকার পর ২৩ আগস্ট নাসিমের মৃত্যু হয়। এ ঘটনার পর কেন্দ্রীয় কমিটি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করে। এর পর থেকে ছাত্রলীগ নিষ্ক্রিয় হয়ে পড়ে। এ সুযোগে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সংগঠিত হওয়ার লক্ষ্যে নানাভাবে তৎপরতা শুরু করেন। সংগঠনটি নগরের বিনোদপুর, বুধপাড়া, কাটাখালীসহ বিভিন্ন জায়গায় প্রায়ই গোপন বৈঠক করে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে। এ ছাড়া দলবদ্ধ পড়াশোনার আড়ালে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৈঠক করেন বলেও প্রক্টর দপ্তরসহ ক্যাম্পাসের বিভিন্ন সূত্রে জানা গেছে। সর্বশেষ গত ২৮ মে গোপন বৈঠক করার সময় বুধপাড়া এলাকা থেকে ছাত্রশিবিরের তিনজন কর্মীকে আটক করা হয়। তাঁরা হলেন রাশেদুল ইসলাম, হাফিজুর রহমান ও মোফাজ্জল হোসেন। ওই দিনই জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম, আহাম্মদ আলী, আবু হুসাইন ও এরশাদুল হক বলেন, ক্যাম্পাসে দীর্ঘদিন কমিটি না থাকায় ছাত্রলীগ নেতৃত্বহীন হয়ে পড়েছে। আর এ সুযোগে ছাত্রশিবির পুনরায় ক্যাম্পাসের দখল নিতে বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করাসহ নানাভাবে অপতৎপরতা চালাচ্ছে। তাঁরা অবিলম্বে ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতৃত্বহীভাবে চলতে থাকলে ক্যাম্পাসে ছাত্রশিবির যে আবার তাদের নগ্ন কার্যক্রম শুরু করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী বলেন, যোগ্য, মেধাবী ও ত্যাগী কর্মীদের নিয়েই দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ক্যাম্পাসে ছাত্রশিবিরের বিভিন্ন অপতৎপরতা রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয় রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ ব্যাপারে সজাগ থাকতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।