চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়টি পদে জয়ী হয়েছে সমন্বয় পরিষদ। বাকি নয়টি পদে জয়ী হন ঐক্য পরিষদের প্রার্থীরা। জ্যেষ্ঠ সহসভাপতি পদে সমন্বয় ও মুক্তিযুদ্ধের সপক্ষের ‘সমমনা’ পরিষদের প্রার্থী সমান ভোট পাওয়ায় দুজনকেই বিজয়ী ঘোষণা করা হয়। তাঁরা পালাক্রমে ছয় মাস করে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে ১৯টি পদের জন্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে ফল ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার ফেরদৌস আহমেদ। এর আগে গত রোববার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সমিতির মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোটার ৩ হাজার ৮৩৮ জন। ভোট দিয়েছেন ৩ হাজার ১০৪ জন।
সমন্বয় পষিদের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আবু হানিফ ভোট পুনরায় গণনা করতে রোববার রাত ১২টার দিকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন। রাত সাড়ে তিনটা পর্যন্ত ভোট গণনা করা হয়। এরপর বিরতি দিয়ে গতকাল বেলা ১১টা থেকে পুনরায় ভোট গণনা শুরু হয়। এর আগে নির্বাচনের দিন রাত ১২টার দিকে ফল ঘোষণা করা হতো। এবার এক দিন পর ফল ঘোষণা করা হয়। ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে কিছুটা বিরক্তি কাজ করলেও শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন ও গণনা শেষ হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
নির্বাচনে সভাপতি পদে সমন্বয় পরিষদের রতন কুমার রায় ১ হাজার ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঐক্য পরিষদের এ এস এম বদরুল আনোয়ার। তাঁর প্রাপ্ত ভোট ১ হাজার ৩৮।
সাধারণ সম্পাদক পদে সমন্বয়ের মোহাম্মদ আবু হানিফ ১ হাজার ৩৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর প্রাপ্ত ভোট ১ হাজার ৩৮১। মাত্র এক ভোটের ব্যবধানে তিনি হেরে যান।
এ ছাড়া সমান ভোট পেয়ে যৌথভাবে জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বয়ের কামরুন নাহার ও সমমনার মোহাম্মদ আলী (দুজনেই ১ হাজার ১৯৯ ভোট পাওয়ায় ৬ মাস করে তাঁরা দায়িত্ব পালন করবেন)। সহসভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সহসাধারণ সম্পাদক পদে মুহাম্মদ হাসান আলী চৌধুরী, অর্থ সম্পাদক পদে মহিউদ্দিন হক চৌধুরী ও পাঠাগার সম্পাদক পদে মো. আবদুল কাইয়ুম ভূঁইয়া নির্বাচিত হন। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে জুবাইদা ছরওয়ার চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ ফয়েজ উদ্দীন চৌধুরী সমন্বয় থেকে নির্বাচিত হন।
এ ছাড়া নির্বাহী সদস্যের ১০টি পদের মধ্যে সমন্বয়ের পাঁচজন ও ঐক্য পরিষদের পাঁচজন নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধের সপক্ষের দুর্নীতিবিরোধী রাজনৈতিক প্রভাবমুক্ত ‘সমমনা’ পরিষদের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্বাচনে কেন সমমনার প্রার্থীরা জয়ী হতে পারেননি তা বের করার চেষ্টা চলছে। সংগঠনকে আরও গতিশীল করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হবে।
নবনির্বাচিত সভাপতি রতন কুমার রায় বলেন, চট্টগ্রাম বারের ঐতিহ্য রক্ষা করে আইনজীবীদের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করে যাবেন তিনি। পাশাপাশি বার ও বেঞ্চের মধ্যে সম্মানজনক সম্পর্ক গড়ে তুলবেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফও একই কথা বলেন।