নেতৃত্বে থাকবেন ত্যাগীরাই: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সুযোগসন্ধানী অনুপ্রবেশকারী নয়, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ত্যাগীরাই থাকবেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা দুঃসময়ে দল ও জননেত্রীর পাশে ছিলেন, তাঁরাই নেতৃত্বে আসবেন। সুযোগসন্ধানীদের নেতৃত্বে বসানোর কোনো সুযোগ নেই। গত ১২ বছরে নানা উদ্দেশ্য নিয়ে যারা আমাদের দলে প্রবেশ করেছে, তাদের চিহ্নিত করে বের করে দিতে হবে।’
হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। আজকে অর্থনৈতিক, মানব উন্নয়ন, সামাজিক—সকল সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি, অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি। এটা যাদের সহ্য হয় না, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।’ তিনি বলেন, ‘এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা পরপর তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়েছে। তবে তাদের চিহ্নিত করে বের করে দেওয়া হচ্ছে।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাব উদ্দিন ফারাজী।
দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান।