নেতৃত্বের জায়গায় নারীরা এখনো পিছিয়ে আছে
বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা বললেন, সংখ্যাগতভাবে দেশের নারীরা এগিয়েছেন। তবে নেতৃত্বের জায়গায় নারীরা এখনো পিছিয়ে আছেন। সন্তান, সংসারের কথা চিন্তা করে নারীরা চাকির ছেড়ে দিচ্ছেন। নেতৃত্বের জায়গায় যেতে হলে নারীদের চাকরিতে টিকে থাকতে হবে। কঠোর পরিশ্রমের পাশাপাশি দক্ষতা, যোগ্যতা অর্জন করতে হবে। দক্ষতা, যোগ্যতা থাকার পরও যদি প্রতিষ্ঠান কোনো নারীকে মূল্যায়ন না করে, তখন প্রতিবাদ করতে হবে। আওয়াজ তুলতে হবে।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস কনভেনশন সেন্টারে ‘হার স্টোরি’ শীর্ষক অনুষ্ঠানে একত্র হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা। সফলতার চাবি বা নেতৃত্ব হাতের মুঠোয় পেতে হলে তরুণ প্রজন্মের নারীদের উদ্দেশে এ কথা বলেন তাঁরা। সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য পুরুষ শাসিত সমাজে নারীদের বাড়তি পরিশ্রম করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়, সে কথাও মনে করিয়ে দেন তাঁরা। অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া অন্য কোনো ক্ষমতায়ন হয় না বলেও জানিয়ে দিলেন। তুলে ধরলেন নিজেদের জীবনের ইতিহাস।
এনার্জিস লিমিটেডের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দেশের উন্নয়নে নারীর বহুমুখী অংশগ্রহণের চিত্র তুলে ধরা।
‘দৃষ্টিভঙ্গির রূপান্তর: নারী, কর্ম ও নেতৃত্ব’ শীর্ষক প্যানেল আলোচনার প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, রাজনীতিতে নারীদের প্রতিষ্ঠিত হতে বেশির ভাগের ক্ষেত্রে বড় বাধা ‘ম্যান, মাসল, মানি’। একসময়কার নির্বাচিত নেতার স্ত্রী, কন্যার বিষয়ে রাজনৈতিক দলগুলো যেভাবে এগিয়ে আসে, অন্যদের বেলায় সে ঝুঁকি নিতে চায় না দলগুলো।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হয়েছে, তা উল্লেখ করে তারানা হালিম বলেন, ‘অনেকে ধরেই নেয় যে নারীরা টেকনিক্যাল বিষয় বুঝবে না। আমি দায়িত্ব পাওয়ার পর নিজেকে প্রস্তুত করতে ১৫ দিন সময় নিই। তারপর যখন মন্ত্রণালয়ের অন্যদের প্রশ্ন করি, তখন তাঁরা আমার কথা শোনা শুরু করেন। পুরুষ শাসিত সমাজে নারীকে আলাদাভাবে দক্ষতার প্রমাণ দিতে হয়।’
এ প্যানেল আলোচনায় আলোচক ছিলেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সুরাইয়া জান্নাত, চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের ইমেরিটাস গবেষক ফিরদউসী কাদরি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরী।
এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি নারীর গৃহশ্রমের মূল্যায়নের বিষয়টিতে গুরুত্ব দেন। নারীরা যাতে বাইরের কাজে দক্ষতা দেখাতে পারেন, সে জন্য শিশু দিবাযত্নকেন্দ্র তৈরিসহ নারীবান্ধব নীতি ও আইন করার বিষয়টিতে গুরুত্ব দেন আলোচকেরা। একই সঙ্গে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বিষয়টিতেও গুরুত্ব দেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে যে প্রতিবন্ধকতা আছে এবং তা মোকাবিলায় করণীয় তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জয়া শাহরীন হক, প্রথম এভারেস্ট-জয়ী নারী নিশাত মজুমদার, ব্র্যাকের (হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড সার্ভিসেস) প্রোগ্রামপ্রধান সাজেদা ফারসিয়া কবির, সহজ ডটকমের প্রতিষ্ঠাতা মালিহা মালেক কাদির।
মাইডাস সেন্টারে এ অনুষ্ঠানের অংশ হিসেবে বর্তমান সময়ের স্বনামধন্য ১৯ জন নারী চিত্রশিল্পীর বিগত শতকের নারী নেত্রীদের জীবন ও কর্মের ভাবধারায় আঁকা ‘হার স্টোরি: উইমেন ট্রেইলব্লেজারস’ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই ১৯ শিল্পীর সঙ্গে মঞ্চে ডাকা হয় বিভিন্ন ক্ষেত্রের সফল নারীদের। মালেকা খান, রওনক জাহান, জেবা রশীদ চৌধুরী, সালমা খান, জওশন আরা রহমান, পারভীন হাসান, নাজমুন নেসা মাহতাব, অ্যারমা দত্ত, কামরুন নাহার জাফর, অ্যাঞ্জেলা গোমেজ, পারভীন মাহমুদ, জেরীন মাহমুদ হোসাইনসহ প্রমুখ মঞ্চে ওঠেন। এই অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। আমেরিকান সেন্টারের পরিচালক এন ম্যাককোনেল, চিত্র প্রদর্শনীর কিউরেটর ক্যাটেরিনা ডন সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানান মাইডাস ফিন্যান্সিং লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান। সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠানে হামিদা হোসেন, নিলুফার মঞ্জুর, নাসিম ফেরেদৌস, মেহতাব খানমসহ সফল নারীদের পদচারণে মিলনায়তন ঝলমল করতে থাকে।
জলের গানের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মাইডাস সেন্টারে শুরু হওয়া চিত্র প্রদর্শনীটি ৩০ মার্চ পর্যন্ত (শুক্রবার ছাড়া) সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।