নেতৃত্বের দুর্বলতায় পুষ্টির উন্নতিতে কাজ কম হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস পর অবসরে যাবেন অথবা পুষ্টি নিয়ে কাজের অভিজ্ঞতা নেই, এমন কর্মকর্তাদের জাতীয় পুষ্টি সেবা কর্মসূচির শীর্ষ পদে বসাচ্ছে সরকার। বিশ্বব্যাংকের মূল্যায়নে বলা হচ্ছে, নেতৃত্বের দুর্বলতার কারণে পুষ্টির উন্নতিতে কাজ তেমন হচ্ছে না। তবে দুর্বলতা আরও আছে।
বিশ্বব্যাংকের পরামর্শে সরকার জাতীয় পুষ্টি সেবা কর্মসূচি (এনএনএস) শুরু করে ২০১১ সালে। এর আগে প্রকল্প আকারে দেশের কিছু জেলায় পুষ্টিসেবা চালু ছিল। পুরো দেশকে সেবার আওতায় আনতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মূল কর্মসূচিতে এনএনএসকে অন্তর্ভুক্ত করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিন বছরের মাথায় বিশ্বব্যাংক কর্মসূচি মূল্যায়ন করে বলছে, আইপিএইচএন ১ হাজার ৪৯০ কোটি টাকার কর্মসূচি চালাতে পারবে কি না, তা আগে বিবেচনা করা হয়নি। ২০১১-১২ অর্থবছরে বরাদ্দের ৩৮ শতাংশ খরচ হয়নি। ২০১৩-১৪ অর্থবছরের মাঝামাঝি বরাদ্দের ২৫ শতাংশ খরচ হয়েছিল।
বিশিষ্ট পুষ্টিবিদ অধ্যাপক এম কিউ-কে তালুকদার শুরু থেকেই পুষ্টিসেবাকে মূল স্বাস্থ্য কর্মসূচির সঙ্গে একীভূত করার বিরোধিতা করে আসছেন। প্রথম আলোকে তিনি বলেন, বাংলাদেশের মতো দেশগুলোয় পুষ্টিসেবাকে স্বাস্থ্যের মূল কর্মসূচির মধ্যে আনলে গুরুত্ব হারাবে—এমন আশঙ্কা আগেই ছিল। আর স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুর-উল-ইসলাম বলেন, কর্মসূচিতে থাকা সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
মূল্যায়ন প্রতিবেদন: বিশ্বব্যাংক ২০১৪ সালে যশোর, খুলনা, কক্সবাজার, নেত্রকোনা, নীলফামারী ও মৌলভীবাজার জেলার ১২টি উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে। এ ছাড়া গবেষকেরা বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং উন্নয়ন সহযোগীদের সাক্ষাৎকার নেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছরে পাঁচজনকে এনএনএসের শীর্ষ অর্থাৎ লাইন ডিরেক্টরের পদে বসানো হয়। প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার তিন থেকে ছয় মাস আগে তাঁরা এই পদে বসেন। এঁদের পুষ্টি নিয়ে কাজের তেমন অভিজ্ঞতাও ছিল না। যখনই কোনো প্রতিবেদন বা প্রশিক্ষণ নির্দেশিকা লেখার প্রয়োজন হয়, তখনই এনএনএসের পক্ষ থেকে বলা হয়েছে, তা লেখার দক্ষতা বা ক্ষমতা তাদের নেই। অন্যদিকে কর্মসূচি ব্যবস্থাপক ও উপ-কর্মসূচি ব্যবস্থাপকেরা ব্যস্ত থাকছেন ঢাকায় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সভা-সেমিনারে।
বর্তমান লাইন ডিরেক্টর কামরুল ইসলাম তিন মাস আগে দায়িত্ব নিয়েছেন। কামরুল ইসলামের দাবি, এনএনএসের অনেক সফলতা আছে। এনএনএস মাঠপর্যায়ে কাজ করছে বলেই খর্বকায় শিশুর সংখ্যা আগের তুলনায় কমেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পুষ্টি নিয়ে কাজ করেন এমন কর্মকর্তারা বলছেন, এ সময়ের মধ্যে জাতীয় পুষ্টিনীতি চূড়ান্ত হয়েছে, কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল আছে, সেটিকেও সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্বলতার পাশাপাশি কিছু অনিয়মেরও ইঙ্গিত আছে মূল্যায়ন প্রতিবেদনে। কর্মসূচির শুরুতে মাঠপর্যায়ে প্রশিক্ষণের উদ্যোগ নেয় এনএনএস। প্রশিক্ষণ পেয়েছেন এমন অনেকে বিশ্বব্যাংককে সাক্ষাৎকারে বলেছেন, যে প্রশিক্ষণ দুই দিনের ছিল, সেটি তাড়াহুড়ো করে এক দিনে শেষ করা হয়েছে। যে প্রশিক্ষণ ছিল দিনব্যাপী, সেটি দুপুরের আগেই শেষ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেবার আওতায় মারাত্মক তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের চিহ্নিত করা এবং তাদের হাসপাতালে পাঠানোর সংখ্যা কম। হাসপাতালের পুষ্টি কর্নারে মাত্র ২০ শতাংশ শিশুর ওজন নেওয়া হয়। মাত্র ১ শতাংশ শিশুর অভিভাবককে বিপদের পাঁচটি লক্ষণ সম্পর্কে জানানো হয়। ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানোর কথা বলা হয় ৪৪ শতাংশ আর পরিপূরক খাবার খাওয়ানোর কথা বলা হয় ১৮ শতাংশ অভিভাবককে। হাসপাতালের আইএমসিআই (ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব চাইল্ডহুড ইলনেস) ও পুষ্টি কর্নারে শিশুরা ঠিকমতো পুষ্টিসেবা পায় না। একেকটি শিশু স্বাস্থ্যসেবা দানকারীর কাছ থেকে সময় পায় গড়ে সাড়ে তিন মিনিট। এ ছাড়া স্বাস্থ্যকর্মী ও পরিবারকল্যাণ পরিদর্শিকারা পুষ্টি সম্পর্কে জানেন না বললেই চলে।