সাত বছর পর আজ বুধবার ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের সম্মেলন হতে যাচ্ছে। সারা দেশে ছাত্রলীগের নেতৃত্বে নিয়মিত ছাত্রদের সম্পৃক্ত করার চেষ্টা করা হলেও এ সম্মেলনে নেতৃত্বে আগ্রহীদের মধ্যে অনিয়মিত ও ব্যবসায় সম্পৃক্ত ছাত্রদের প্রাধান্য দেখা যাচ্ছে।জেলা ছাত্রলীগের বিভিন্ন পদ পেতে আগ্রহীরা গত রোববারের মধ্যে আহ্বায়ক কমিটির কাছে তাঁদের কাগজপত্র জমা দিয়েছেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহনেওয়াজ বাবর জানান, গত রোববার পর্যন্ত মোট ৩৬ জন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে জমা পড়েছে ৩৪টি। তাঁদের মধ্যে অনেকে সভাপতি ও সাধারণ সম্পাদক দুই পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ফরম জমা দেওয়া ৩৪ জনের মধ্যে ২০ জনই অনিয়মিত ছাত্র। তবে তাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়মিত ছাত্রের পক্ষে কাগজপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগের নেতা বলেন, ‘জেলা আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতা অনিয়মিত ছাত্রদের পক্ষে কাজ করছেন। এসব নেতা ছাত্রলীগের কর্মীদের দিয়ে বিভিন্ন ব্যবসা এমনকি টেন্ডার সিন্ডিকেটের কাজেও ব্যবহার করছেন।’ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়া যেসব প্রার্থী ব্যবসা ও টেন্ডার সিন্ডিকেটের সঙ্গে জড়িত, তাঁদের নেতৃত্ব থেকে দূরে সরিয়ে রাখা হবে।’ জেলা ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হুদা বলেন, আওয়ামী লীগের ওপর ছাত্রলীগের নির্ভরশীলতার কারণে সংগঠনের কর্মকাণ্ড নোংরা হয়ে পড়ছে। সংগঠনের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ছাত্রলীগের ওপর আওয়ামী লীগ নেতাদের প্রভাব কমাতে হবে। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয় পেয়ে ছাত্রলীগ নেতারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। বাস্তবে অধিকাংশ আওয়ামী লীগের নেতা তাঁদের প্রয়োজনে ছাত্রলীগ কর্মীদের ব্যবহার করে থাকেন।’জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছাত্রলীগের জেলা নেতৃত্ব নির্বাচন করা হবে। এখানে লবিং ও গ্রুপিংয়ের সুযোগ নেই। এবার অছাত্র ও বিবাহিতদের কমিটিতে গ্রহণ করা হবে না।’