নেতৃত্বের দ্বন্দ্বে জাসদ দুভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ভাঙার জন্য দুপক্ষ একে অপরকে দোষারোপ করছে। বিভক্তি চূড়ান্ত হওয়ার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের মালিকানা, দুই পক্ষের সাংসদদের সদস্যপদ এবং সরকারের সঙ্গে দুই পক্ষেরই থাকার ঘোষণা নানা রকম আইনি ও বাস্তব জটিলতা সৃষ্টি করবে বলে জাসদের নেতা-কর্মীরা আশঙ্কা করছেন।
গত শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাউন্সিল অধিবেশনে হাসানুল হক ইনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুনর্নির্বাচিত হন। কিন্তু সাধারণ সম্পাদক নির্বাচনকে ঘিরে দলে বিভক্তি সৃষ্টি হয়। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন শিরীন আখতার ও নাজমুল হক প্রধান। এঁদের মধ্যে শিরীন আখতার কাউন্সিলরদের গোপন ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তবে বিরোধী পক্ষ বলছে, জোর করে এবং কৌশল খাটিয়ে তাঁকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দলের একাধিক সূত্র জানায়, কাউন্সিল অধিবেশনে ব্যাপক হইচই, বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে।
কাউন্সিল অধিবেশনে ওই নির্বাচন চলার সময় জাসদের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা ও বেশ কিছু কর্মী গত শনিবার রাতে বেরিয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে দলের নতুন কমিটি ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে এবং কথা বলার সুযোগ না পেয়ে তাঁরা কাউন্সিল বয়কট করার কথাও জানান। এ সময় শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈন উদ্দীন খান বাদলকে কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
আরেকটি কমিটি ঘোষণা প্রসঙ্গে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল রোববার সংবাদ সম্মেলনে বলেন, কাউন্সিল অধিবেশনের বাইরে রাস্তাঘাটে কমিটি গঠনের কোনো বিধান নেই। এটা গঠনতন্ত্রবিরোধী। কাউন্সিল অধিবেশন থেকে বেরিয়ে গিয়ে আরেকটি কমিটি ঘোষণাকারী নেতাদের দলে ফিরে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দলের রাজনীতি ও নীতিনির্ধারণে তাঁরা আগের মতোই সুযোগ পাবেন। নতুন কমিটিতে তাঁদের ‘সম্মানজনক’ পদে রাখা হয়েছে এবং ‘সম্মান’ নিয়েই তাঁরা দলে কাজ করতে পারবেন।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, মহাজোট সরকার ও ১৪ দলে জাসদ আছে এবং থাকবে। সরকার ও জোট থেকে বেরিয়ে যাওয়ার যে দাবি কেউ কেউ তুলেছিলেন, কাউন্সিল সদস্যরা তা প্রত্যাখ্যান করেছেন।
তাঁর বিরুদ্ধে তোলা আর্থিক দুর্নীতির অভিযোগ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, আজ পর্যন্ত সরকার, গণমাধ্যম বা জাসদের নেতা-কর্মীসহ কোনো পর্যায় থেকে তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অস্বচ্ছতার কোনো অভিযোগ তোলা হয়নি। তাই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ডাহা মিথ্যা। তিনি বলেন, জঙ্গিবাদ ও জঙ্গিবাদের পাহারাদারদের দমন এবং উন্নয়নের সহযোগী হিসেবে জাসদের ভূমিকা আরও জোরদার করা হবে। গত শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল তথ্যমন্ত্রীর বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতাসহ একাধিক অভিযোগ করেন।
সাংসদ মঈন উদ্দীন খান বাদল গতকাল প্রথম আলোকে বলেন, মন্ত্রী হওয়ার পর থেকে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ ছিল। জবাবদিহিতে ঘাটতি ছিল। সভাপতি হিসেবে তিনি নির্মোহ দৃষ্টিতে দল চালাতে পারেননি। এ ছাড়া জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে অবস্থান জাসদের রাজনৈতিক সিদ্ধান্ত হলেও তিনি যেভাবে কাজ করছেন, সেটি দল চায় না। এ ছাড়া ব্যক্তিবিশেষের প্রতি তাঁর দুর্বলতা দলের সংকট বাড়িয়েছে।
দলের একাংশের বক্তব্যের জবাবে ইনু বলেন, ‘আমার পক্ষ থেকে স্বৈরাচারী ও হঠকারী কোনো কাজ করা হয়নি। বরং তারা দলের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। মহাজোট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল। জঙ্গিবাদের সঙ্গে আপস করতে চেয়েছিল।’
ওই সংবাদ সম্মেলনে জাসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের নেতা মীর হোসাইন আখতার উপস্থিত ছিলেন।
জাসদ কার্যালয় কার থাকবে: দুপক্ষই দাবি করেছে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কার্যালয় তাদের থাকবে। হাসানুল হক ইনু গতকাল সেখানেই সংবাদ সম্মেলন করেছেন। জানা গেছে, এই কার্যালয়টি চারজন নেতার নামে। এঁরা হলেন প্রয়াত কাজী আরেফ আহমেদ, শরীফ নূরুল আম্বিয়া, হাসানুল হক ইনু এবং শ্রমিক নেতা আবদুল কাদের। আম্বিয়া ও কাদের একই দিকে আছেন। শরীফ নূরুল আম্বিয়া বলেছেন, তাঁরা এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন।
ছয় সাংসদের সদস্যপদ নিয়ে প্রশ্ন: হাসানুল হক ইনু বলেছেন, দলের ছয় সাংসদের মধ্যে তিনিসহ চারজন একসঙ্গে আছেন। কিন্তু গতকালের সংবাদ সম্মেলনে দুই সাংসদ লুৎফা তাহের ও রেজাউল করিম তানসেন উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গে হাসানুল হক বলেন, জরুরি কাজে তাঁরা ঢাকার বাইরে গেছেন। খুব শিগগির দলের পক্ষে যে সংবাদ সম্মেলন ডাকা হবে, সেখানে তাঁরা থাকবেন।
তবে বিদ্রোহী অংশ দাবি করেছে, ছয় সাংসদের মধ্যে চারজনই তাঁদের সঙ্গে আছেন। কমিটিতে থাকা দুই সাংসদ হলেন নাজমুল হক প্রধান ও মঈন উদ্দীন খান বাদল। এ ছাড়া সাংসদ লুৎফা তাহের ও তানসেন তাঁদের সঙ্গে আছেন বলেও এই অংশ দাবি করেছে। তবে ওই দুই সাংসদ গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।
সংবাদ সম্মেলনে গতকাল হাসানুল হক ইনু বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে যাঁরা নতুন কমিটিতে গেছেন সংসদে তাঁদের সদস্যপদের বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বিষয়ে মঈন উদ্দীন খান বাদল প্রথম আলোকে বলেন, সাংসদের সদস্যপদ থাকা বা না থাকা নিয়ে ওই পক্ষের কথা বলারই এখতিয়ার নেই।
জাসদের অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া প্রথম আলোকে বলেন, গত ৪০ বছরে দল (জাসদ) নিয়ে বহু রকম খেলা হয়েছে। ২০০২ সালের পর থেকে দলটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছে। কিন্তু গণতান্ত্রিক চর্চা থেকে বিচ্যুতির ফলে দলে বর্তমান পরিস্থিতি অনিবার্য হয়ে ওঠে। ২০০২ সালে আ স ম আবদুর রব বেরিয়ে যাওয়ার দীর্ঘ সময় পর জাসদ ভাঙনের মুখে পড়ল।
১৪ দলে থাকা না থাকা প্রসঙ্গ: দুবছর পরপর কউন্সিল হওয়ার কথা থাকলেও গত ছয় বছরে জাসদের কাউন্সিল হয়নি। এবারের কাউন্সিল সামনে রেখে ১৪ দল ও সরকারে থাকা নিয়ে দলের নেতা-কর্মীদের একাংশ প্রশ্ন তোলে। এ নিয়ে কাউন্সিল অধিবেশনে আলোচনা হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মুশতাক হোসেন এ-সংক্রান্ত একটি রাজনৈতিক প্রস্তাব কাউন্সিলে উত্থাপন করেন।
এ প্রসঙ্গে মুশতাক হোসেন বলেন, তাঁর প্রস্তাব গৃহীত না হওয়ায় জাসদ ১৪ দল ও সরকারের সঙ্গেই থাকছে। তা ছাড়া কাউন্সিল অধিবেশনে সরকারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাসদ। এদিকে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদও ১৪ দলে থাকার ঘোষণা দিয়েছে। ফলে দুপক্ষই ১৪ দলে থাকছে। এতে ১৪ দল ১৫ দলে উন্নীত হবে কি না, সেই সিদ্ধান্ত পরবর্তী সময়ে নেওয়া হবে।