বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাংসদ এম কে আনোয়ারের জন্ম ১৯৩৩ সালে কুমিল্লার হোমনায়। পাঁচবারের (১৯৯৬ সালে দুবার) নির্বাচিত সাংসদ তিনি। নব্বইয়ের পর প্রথম বিএনপি সরকারের নৌপরিবহন ও বাণিজ্যমন্ত্রী ছিলেন। ২০০১-০৬ পর্বে প্রথমে শিল্প ও পরে কৃষিমন্ত্রী ছিলেন। গত ২৪ অক্টোবর তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে।
সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান

প্রথম আলো: সংঘাতেই যাচ্ছেন?
এম কে আনোয়ার: জনগণ তা চায় না। আওয়ামী লীগসহ সব মত ও পথের লোকের আকাঙ্ক্ষাও তা-ই, মনে করি। কিন্তু শেষ মুহূর্তে সমাধানের যে আশা করা হয়েছিল, তার কোনো ইঙ্গিত কোনো তরফ থেকে দেখা যাচ্ছে না। বিএনপি প্রথম বলেছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে হবে। এরপর তাতে ছাড় দিয়ে শুধু নির্দলীয় কথাটি রাখে।
প্রথম আলো: বিএনপি কি এখন নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দিয়ে আরও একটু নমনীয় হয়েছে? কারণ, সংসদ ভেঙে দেওয়ার আগে অনির্বাচিত ব্যক্তিদের নির্বাচিত করে আনার প্রস্তাব দিয়েছেন খালেদা জিয়া।
এম কে আনোয়ার: সদিচ্ছা থাকলে একটা সমাধান সংবিধান সংশোধন ছাড়াও হতে পারে।
প্রথম আলো: দুই নেত্রী অনড় অবস্থানে নেই। কিছুটা নড়েছেন। কিন্তু সমঝোতার কোনো আভাসই নেই।
এম কে আনোয়ার: একটু ভিন্ন মত পোষণ করি। আমাদের দুর্ভাগ্য, দেশের সর্বোচ্চ ব্যক্তির কথায় আস্থা রাখতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন, সংসদ বহাল রেখে নির্বাচন হবে না। কিন্তু তিনি এখন তা বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন।
প্রথম আলো: স্বরাষ্ট্র, অর্থ, জনপ্রশাসন, প্রতিরক্ষা বিএনপি চাইলেও পাবে না বলে কি আপনারা সংশয়গ্রস্ত?
এম কে আনোয়ার: এমন সরকার একেবারেই কাজ করবে না। কারণ, সব ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে একীভূত। ধরুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব ক্ষমতা একজনকে দেওয়া হলো। কিন্তু একমাত্র দারোগা বাদে এসপি-ডিসিদের পরিবর্তন প্রধানমন্ত্রীর অনুমোদনে ও নির্দেশে হয়। সরকারি কর্মকর্তারাও একটা দ্বন্দ্বে থাকবেন যে তাঁরা কাকে খুশি করবেন। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী হিসেবে যিনি বসে আছেন, তাঁর প্রতিই তাঁরা নজর রেখে চলবেন। তাই কোনো দপ্তর দেওয়া হবে কি হবে না, সেই বিতর্কে বিএনপি যেতে পারে না। বড় কথা হলো, সরকারপ্রধান কে থাকবেন। প্রধানমন্ত্রী যদি আজ ঘোষণা দেন, তিনি তাঁর পদে বহাল থাকবেন না এবং যে কথা বেগম খালেদা জিয়া বলেছেন ঐকমত্যের ভিত্তিতে একজনকে দেওয়া হবে, তাহলেই ৯০ ভাগ বিরোধ-বিসংবাদ শেষ হয়ে যাবে।
প্রথম আলো: আমাদের মাত্র ২০০ মিলিয়ন ডলারের রপ্তানি আজ হয়েছে ২৬ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৭ বিলিয়ন ডলার স্পর্শ করেছে। রাজনৈতিক হানাহানি সত্ত্বেও এটা বাংলাদেশের অর্জন। আপনি কীভাবে দেখেন?
এম কে আনোয়ার: আমি আপনার সঙ্গে একমত। ১৯৯০ থেকেও যদি ধরেন, অনেক ক্ষেত্রে আমাদের উন্নতি হয়েছে। ৯০-৯১-তে রিজার্ভ সম্ভবত ৭০০ মিলিয়ন ডলার ছিল, সেখানে আজ ১৭ বিলিয়ন ডলার। ১৯৭২ সালে গ্রামে রাস্তাঘাট প্রায় চার হাজার কিলোমিটার ছিল। এখন প্রায় ২২ হাজার কিলোমিটার। বিনিয়োগ যদিও সঞ্চয়ের অনুপাতে বাড়েনি, তদুপরি জাতীয় সঞ্চয় বেড়েছে প্রচুর। এক কোটি টন খাদ্যশস্য উৎপাদন হতো, তখন সাড়ে সাত কোটি মানুষ ছিল, তাদেরও না খেয়ে থাকতে হতো। সেখানে আজকে ১৬ কোটি মানুষ হয়ে গেছে। তিন থেকে সাড়ে তিন কোটি টন খাদ্যশস্য উৎপাদন করি। তবে মনে রাখতে হবে, আমাদের জনসংখ্যার অন্তত ৩০ জন এখনো দিনে একবেলা না খেয়ে থাকেন। কিন্তু আমাদের একই সময়ে যেসব দেশ স্বাধীনতা অর্জন করেছিল, তাদের দিকে যদি আমরা তাকাই, যেমন মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাহলে অনেকাংশে আমাদের অবস্থানটি হতাশাব্যঞ্জক হয়ে যায়। এমনকি শ্রীলঙ্কাও আমাদের ছাড়িয়ে গেছে।
প্রথম আলো: এ জন্য আমাদের অপ্রতুল সম্পদ বা জনগণ দায়ী নয়। এটা অবশ্যই নেতৃত্বের ব্যর্থতা—
এম কে আনোয়ার: আপনার কথাটা যদিও অত্যন্ত অপ্রিয়, তদুপরি তা অস্বীকার করা যাবে না। নেতৃত্বের সংকটই বাংলাদেশের বড় সংকট। বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর আমলেই জাতীয় জীবনের প্রায় সব ক্ষেত্রেই একটা ভিন্ন রূপ ধারণ করল। জাতীয়করণে অর্থনীতি, একদলীয় শাসনে রাজনীতি, দলীয়করণে প্রশাসন লাটে উঠল। জাতিকে যদি সঠিক নেতৃত্ব দেওয়া যেত, তা যে পর্যায়েই হোক না কেন, নেতৃত্ব সঠিক থাকলে বাকি নিচে যারা আছে, তারা কমবেশি সেই নেতৃত্বকে অনুসরণ করবে। যদি নেতৃত্বে দুর্নীতি থাকে, নেতৃত্বের মধ্যে যদি জনগণের কল্যাণ চিন্তা না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তাদের অধীন স্তরগুলোতে তার সংক্রমণ ঘটবে এবং আমাদের ক্ষেত্রে তা-ই ঘটেছে।
প্রথম আলো: একসময় সততা ও নৈতিকতা রাজনীতির লক্ষ্য ছিল। এখন ব্যবসায়ীরা রাজনীতিতে বিপুলসংখ্যায় ঢুকেছেন। ছাত্ররা টেন্ডারবাজি করে। আপনি কীভাবে দেখেন।
এম কে আনোয়ার: রাজনীতিবিদেরা ছাড়া অন্য পেশার লোকজন ঢুকে যাওয়ার কারণে এমনটা ঘটেছে, এরকম ভাবার কোনো কারণ নেই। রাজনীতিতে কেউ পেশার জন্য আসেননি, এসেছেন জনগণের ভোট নিয়ে। এখন জনগণ যদি ঠিকমতো ভোট না দিয়ে থাকেন—
প্রথম আলো: অনেকে ব্যবসায়ীদের বেশি ঢুকে পড়াটাকে হয়তো সুনজরে দেখেন না।
এম কে আনোয়ার: আমি বলব না যে ব্যবসায়ীরা ঢোকার কারণে সমস্যা হয়েছে। ধরুন, আমি শীর্ষ নেতা রয়েছি, আমার দুর্নীতির সুযোগ ব্যবসায়ীরা নিয়েছেন। ধরুন, আমি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী। আমার যদি ১০০ টাকার ঘুষ নেওয়ার অধিকার থাকে, তাহলে আমার সচিবের ২০০ টাকা ঘুষ নেওয়ার অধিকার থাকবে। আমার উপসচিব নেবে ৪০০ টাকা। আমি নৈতিকভাবে এতটাই দুর্বল হব যে, আমি সে জন্য তাঁদের কিছুই করতে পারব না। দেশে যে ঘটনাপ্রবাহ চলছে, তাতে এটাই ঘটছে। আমরা ব্যবসায়ীদের টিভি চ্যানেল দিয়েছি কেন। আমি এর দ্বারা কী পেয়েছি বা পাব। তাই ব্যবসায়ীরা ঢুকেছেন বলে রাজনীতিতে অবক্ষয় এসেছে, তা আমি মনে করি না। একটা প্রতিশ্রুতি ছিল যে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংসদেরা তাঁদের ও তাঁদের পরিবারের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করবেন। কিন্তু আজ পর্যন্ত তা প্রকাশ করা যায়নি। এটা কি ব্যবসায়ীরা মানা করেছিলেন? এর কারণ, এটা প্রকাশ সম্ভব নয়। ব্যবসায়ী ও অব্যবসায়ী সবারই উদ্বৃত্তপত্র (ব্যালান্স শিট) সম্ভবত এক হয়ে গেছে।
প্রথম আলো: এটা কি আওয়ামী লীগের একার সমস্যা? বিএনপিও তো পারবে না।
এম কে আনোয়ার: আমার কথা হচ্ছে, একটা জায়গা থেকে শুরুটা করতে হবে। ব্যক্তিগত প্রসঙ্গ যদিও আমি উত্থাপন করতে চাই না। আমিও কয়েকটি মন্ত্রণালয়ে কাজ করেছি। আমি দাবি করব, সেসব মন্ত্রণালয়ের অবস্থা কিছুটা ভিন্নতর ছিল।
প্রথম আলো: মন্ত্রী, সাংসদ বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে না পারার অপারগতা কেবল আওয়ামী লীগের নয়। আপনাদেরও—
এম কে আনোয়ার: আমাদের কোনো নির্বাচনী ওয়াদা ছিল না। আওয়ামী লীগের কথা বললাম এ কারণে, তারা তাদের নির্বাচনী ইশতেহারে এ বিষয়টি পরিষ্কার করে লিখেছিল।
প্রথম আলো: আমরা বলি, এটা আওয়ামী লীগের একার সমস্যা নয়। বিএনপি লিখলেও পারবে না।
এম কে আনোয়ার: আপনাকে দৃঢ়ভাবে বলছি, বিএনপি যদি এ রকম প্রতিশ্রুতি দেয় এবং যদি তা বাস্তবায়িত না হয়, তাহলে বিএনপিতে এমন লোক থাকবে, যারা দলে এর প্রতিবাদ করবে।
প্রথম আলো: মতের ভিন্নতা সত্ত্বেও বিভিন্ন দেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে জাতীয় ইস্যুতে বোঝাপাড়া থাকে। আমাদের কী সমস্যা?
এম কে আনোয়ার: একাত্তরের যুদ্ধকালে ইস্পাতকঠিন ঐক্য গড়ে উঠেছিল। মুষ্টিমেয় রাজাকার ছাড়া দেশের আবালবৃদ্ধবনিতা একমঞ্চে দাঁড়িয়েছিল। কিন্তু দেশটা আজ আর সে অবস্থায় নেই। বিভক্ত হয়ে গেছে।
প্রথম আলো: কিন্তু তা সত্ত্বেও আমাদের সমাজে সহিংসতা আফ্রিকার কোনো কোনো দেশের মতো ঘটে না। ঝগড়াঝাঁটি করি, কিন্তু একটা মাত্রা পর্যন্ত।
এম কে আনোয়ার: মুক্তিযুদ্ধের সময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এখন, বিশেষ করে নিজের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমরা জনগণকে বিভক্ত করে ফেলেছি। সেটা ছড়িয়ে পড়েছে। আফ্রিকায় উপজাতি ও গোত্রব্যবস্থার বিকাশ ঘটেছে। গোড়া থেকেই তাদের আনুগত্য নিজ নিজ গোত্রের প্রতি থাকে। জমিদারি ব্যবস্থার দিকে তাকান। সেখানে ছোট ছোট এলাকায় কিছু লোক ছিল, যারা তাদের প্রভাব খাটাতে পারত, মারামারি-লাঠালাঠি করতে পারত। পরবর্তী সময়ে আমাদের মধ্যে একটা সমগোত্রীয়তার উন্মেষ ঘটে। একটা সমতামূলক একমাত্রিকতা, সেটা ধর্ম বা সব দিক থেকেই চোখে পড়ে। এটি একটি একমাত্রিক ভূখণ্ডে পরিণত হয়, বিভক্তি খুব একটা ছিল না। কিন্তু রাজনীতির কারণে এটা বিভক্ত হয়ে পড়েছে। এমনভাবে ফাটল ধরছে, যেটা ইসলামি অ-ইসলামি রূপ পাচ্ছে। যেমন ধরুন, ইসলামি দল থাকতে পারবে না। অথচ পৃথিবীর অন্তত ৪০টি রাষ্ট্রে ধর্মভিত্তিক রাজনৈতিক দল রয়েছে। তারা ক্ষমতায়ও আসে। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার রাজনৈতিক নেতৃত্ব এবং নেতৃত্বের গুণগত পরিবর্তন। জাতি ঐক্যবদ্ধ না হলে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলেই সময় পার করবে। জনগণের উপকার হবে না।
প্রথম আলো: কোন কোন ইস্যুতে জাতীয় ঐক্য আশা করেন?
এম কে আনোয়ার: এটা জটিল বিষয়।
প্রথম আলো: যেমন সংসদ চালানো, তিস্তা চুক্তির পানিবণ্টন ইত্যাদি।
এম কে আনোয়ার: আমি এগুলোতে যাচ্ছি না। আরও মৌলিক বিষয় রয়েছে। প্রথমত মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। প্রয়াত এনায়েতুল্লাহ খান লিখেছিলেন সাত কোটি রাজাকার। কারণ, যারা দেশে থেকেছে তারাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। এখন কিছু লোকের নাম প্রকাশ করে আর কিছু লোকের নাম প্রকাশ না করে একটা ফাটল ধরল। বাহাত্তরে বঙ্গবন্ধু যখন সরকার গঠন করলেন, তখন তাঁর নেতৃত্বের প্রশ্নে স্বভাবতই কারও মনে কোনো প্রশ্ন থাকল না। কিন্তু তিনি আওয়ামী লীগের সরকার গঠন করেছিলেন। আওয়ামী লীগ ছাড়া আরও কেউ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, সেটা আড়াল করা হলো। এখান থেকেই কিন্তু শুরু হলো বিতর্ক। এরপর এল জামায়াতে ইসলামপন্থী দলের রাজনীতি নিষিদ্ধ করা। যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে একসময় সারা দেশের মানুষ ছিল। এটাকে যদি একটু ভিন্নভাবে করা যেত, যেভাবে বঙ্গবন্ধু শুরু করেছিলেন।
প্রথম আলো: ’৭৩-এর আইনে না করে দালাল আইনে বিচার করা সম্ভব ছিল?
এম কে আনোয়ার: সম্ভব ছিল এবং প্রায় এক লাখ লোককে বোধ হয় গ্রেপ্তার করা হয়েছিল। ৩৭ হাজার লোকের বিরুদ্ধে তদন্ত হয়। ৮-১০ হাজার লোকের বিচার হয়েছিল আদালতে। ৮৫৩ জন লোককে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এরপর বঙ্গবন্ধু নিজেই এর রাশ টানলেন। তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। ওই জিনিসটাকে এবার ভিন্নভাবে সামনে নিয়ে আসা হলো।
প্রথম আলো: এ-সংক্রান্ত বিভক্তিটাই কি জাতির জীবনে এক নম্বর বাধা হয়ে দাঁড়িয়েছে।
এম কে আনোয়ার: এর সবচেয়ে খারাপ দিক হচ্ছে, এই বিভক্তির কারণে আমাদের একটি গ্রুপ দেশের বদনাম বিদেশে বলছে। আমরা বলছি, নিজের দেশের মধ্যে কোনো ঐক্য নেই। আমরা একসঙ্গে কাজ করতে পারি না। যে লজ্জা মানুষ ঢেকে রাখে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আমরা উন্মোচন করছি। এই বিভক্তি ঘুচিয়ে যদি আপনি সেতুবন্ধ তৈরি করতে না পারেন, তাহলে জাতিকে বড় রকম মূল্য দিতে হবে। মাহাথিরের মতো বা সিঙ্গাপুরের মতো বা কোরিয়ার মতো হতে পারাটা দুরাশাই থেকে যাবে।
প্রথম আলো: একটি দোলাচল হচ্ছে শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়া কিংবা যাওয়া। আপনারা কি অহিংস নির্বাচন বর্জন, নাকি দা-কুড়াল নিয়ে বয়কটের দিকে যাবেন।
এম কে আনোয়ার: বিএনপি সব বিবেচনায় একটি মধ্যপন্থী দল। মতাদর্শ কিংবা মারামারি—সব দিক থেকেই মধ্যপন্থী। এখন যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে এবং এটা অবিরাম চলবে, এতে করে আমি নাম ধরেই বলব, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে বিএনপি নির্বাচনে যাওয়ার ঝুঁকি নেবে, এটা এখন পর্যন্ত আমার মনে হয় না।