নেতৃত্বের সম্ভাবনার পুরস্কার পেলেন ১০ তরুণ
নেতৃত্বের সম্ভাবনা ও অর্জনের স্বীকৃতি হিসেবে ১০ তরুণকে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ও বিওয়াইএলসি গ্র্যাজুয়েট নেটওয়ার্ক (বিজিএন) যৌথভাবে পুরস্কার দিয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তরুণদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, বাংলাদেশের জনসংখ্যার বেশির ভাগ তরুণ। এই তরুণদের যত্ন নিতে হবে। তারা এই দেশের ভবিষ্যৎ। তরুণদের সঠিকভাবে যত্ন নিতে পারলে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
এরপর শিরীন শারমিন চৌধুরী বিওয়াইএলসির ১০ তরুণের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উদ্ভাবনী উন্নয়নে অবদানের জন্য অঞ্জলি সরকার ও দরিদ্র শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য সামাজিক প্রভাব বিভাগে মনজুরুল হাসান। পেশাগত দক্ষতা বিভাগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মমিনুল হক ও গ্রামীণফোনের ডিজিটাল চ্যানেলের বিশেষজ্ঞ অনিক সিনহা। সৈয়দ যাইনাব আহমেদ প্রাতিষ্ঠানিক স্বীকৃতির জন্য ও শিক্ষা বিভাগে আবদুল্লাহ জুবায়ের। এ ছাড়া উদ্যোক্তা ও উদ্ভাবন বিভাগে অভীক আলম, ওসামা বিন নূর এবং মাকসুদুল এ এম মণ্ডল পুরস্কার পেয়েছেন। আর গণমাধ্যম ও সংস্কৃতি বিভাগে পুরস্কার পেয়েছেন মিম নোশিন নাওয়াল।
অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বিওয়াইএলসির তিন তরুণের হাতে সনদ তুলে দেন। এ সময় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম উপস্থিত ছিলেন।
দেশের বিভিন্ন মাধ্যমে তরুণদের মধ্যে সংযোগ গড়ে তোলা, সরকারি ও বেসরকারি খাতে প্রয়োজনীয় নেতৃত্ব ও প্রশিক্ষণ দেওয়ার কাজ করে থাকে বিওয়াইএলসি। বিজিএন বিওয়াইএলসির গ্র্যাজুয়েটদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।