নেত্রকোনা ও ফেনীতে বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে মঙ্গলবার রাতে নেত্রকোনার পূর্বধলার চারটি ইউনিয়নের সব কটি গ্রাম এবং ফেনীর ফুলগাজীর ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে নেত্রকোনা জেলার ৩৮ হাজার ৪৫০ হেক্টর রোপা আমনের খেত এবং ফুলগাজীর অধিকাংশ আমন খেত তলিয়ে গেছে।
নেত্রকোনার প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলার পূর্বধলা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের দুটি স্থান ভেঙে চারটি ইউনিয়নের সব কটি গ্রাম প্লাবিত হয়েছে। কংস নদের পানি বিপৎসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্বধলার কালিহর এলাকায় পাউবো বাঁধের ৭০ মিটার ও জারিয়া নাঠেরকোনায় ২০ মিটার এলাকা ভেঙে গেছে। এতে একটি স্লুইসগেট ক্ষতিগ্রস্ত হয়। জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার জানান, বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে তিনি বাঁধ ও স্লুইসগেট অবিলম্বে মেরামতের নির্দেশ দিয়েছেন।
সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি, ঠাকুরাকোনা, সিংহের বাংলা, মেদনিসহ বেশ কয়েকটি ইউনিয়নের রোপা আমন খেত, পুকুর ও কাঁচাপাকা বাড়িতে পানি উঠেছে। এ ছাড়া, বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ফসলি জমি ডুবে গেছে। এলাকাবাসী জানান, কয়েকটি পুকুর ডুবে সব মাছ বেরিয়ে গেছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার বলেন, কংস নদের পানি বিপৎসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও অন্য নদীগুলোর পানি কমছে।
কলমাকান্দা উপজেলার কালাইকান্দি গ্রামের শিক্ষার্থী লিটন মিয়া বলেন, ‘আমার এলাকার সব ধানখেত এখন পানির নিচে। এ ধান আর রক্ষা হবে না। সব পুকুর তো পানির নিচেই।’
সদর উপজেলার বেতাটি গ্রামের কলেজছাত্র সাঈদ অভিযোগ করে বলেন, গত ঘূর্ণিঝড়ের সময় এলাকার ব্যাপক ক্ষতি হলেও লোকজন কোনো সহযোগিতা পাননি। এখন বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কেউ এলাকার খবর নিতে আসেনি।
এদিকে, ফেনীর ফুলগাজীতে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ১০ হাজার লোক পানিবন্দী হয়ে পড়ে। উপজেলার অধিকাংশ আমন খেত তলিয়ে গেছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমান জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ফুলগাজীর বরইয়া গ্রাম এলাকায় মুহুরী নদীর বেড়িবাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে ফুলগাজী বাজার, উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, কিসমত বিজয়পুর, বসন্তপুর, উত্তর শ্রীপুর ও বুধপরগনা গ্রাম প্লাবিত হয়। গ্রামের রাস্তাঘাট, জমির আমন ধান তলিয়ে গেছে। পুকুরের মাছও ভেসে গেছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক বলেন, গতকাল বুধবার বিকেল থেকে মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।