নেত্রকোনা থেকে গ্রেপ্তারকৃত দুজন কারাগারে
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা ওবায়দুল হক ওরফে তাহের ও আতাউর রহমান ওরফে ননীকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার ওবায়দুল ও আতাউরকে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান ও সাবিনা ইয়াসমিন জানান, গ্রেপ্তার করা দুজনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। পরে ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত মঙ্গলবার ওবায়দুল ও আতাউরকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাঁদের নেত্রকোনা থেকে ঢাকায় পাঠানো হয়।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা জানায়, ২০১০ সালের আগস্ট মাসে ওবায়দুল ও আতাউরসহ ১২ জনকে আসামি করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনা আদালতে মামলা করেন আলী রেজা। মামলার অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধকালে নেত্রকোনা সদর উপজেলার বিরামপুর বাজার থেকে মুক্তিযোদ্ধা বদিউজ্জামানকে ধরে এনে আসামিরা সারা দিন অমানুষিক নির্যাতন করে। পরদিন ২৭ রমজান (২৯ কার্তিক) মোক্তারপাড়া সেতুর নিচে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করে। বাদী আলী রেজা সম্পর্কে বদিউজ্জামানের ভাতিজা। পরে ওই মামলার অভিযোগ তদন্তের জন্য তদন্ত সংস্থায় পাঠানো হলে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।