নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ছড়িয়ে পড়া রোগটি চিকেন পক্স বা জলবসন্ত। জেলা সিভিল সার্জন বিজন কান্তি সরকার গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, কলমাকান্দা উপজেলার জামশেন গ্রামে গত এক মাসে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে তিন শিশুসহ যে পাঁচজনের মৃত্যু হয় এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে আরও অনেকে যে রোগে আক্রান্ত হয়েছে, তা চিকেন পক্স বা জলবসন্ত। স্বাস্থ্য বিভাগ দুই দফা পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছে।
গত শুক্রবার সিভিল সার্জনের নেতৃত্বে স্থানীয় স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ চিকিৎসক দল এই রোগে আক্রান্ত হয়ে মৃত এক শিশু এবং আক্রান্ত বেশ কয়েক ব্যক্তির শরীর থেকে রক্ত, রস, চামড়াসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে। পরদিন শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠায়। পাঠানো নমুনা এবং গত রোববার আইইডিসিআর ও আইসিডিডিআরবির সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের প্রতিনিধিদল আক্রান্ত এলাকা পরিদর্শন করে সংগৃহীত নমুনা পরীক্ষা করে গতকাল রোগটি সম্পর্কে নিশ্চিত হয়। এ বিষয়ে তারা আইইডিসিআরের ভারপ্রাপ্ত পরিচালকের কাছে লিখিত প্রতিবেদন জমা দিয়েছে।
আইইডিসিআর ও আইসিডিডিআরবির সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলের মুখপাত্র আইইডিসিআরের চিকিৎসা কর্মকর্তা আহমেদ রায়হান শরীফ প্রথম আলোকে বলেন, সংগৃহীত নমুনা চূড়ান্ত পরীক্ষা করে রোগটি জলবসন্ত বলে নির্ণয় করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা হয়তো চিকিৎসাহীন অবস্থায় ছিল বা সঠিক কোনো চিকিৎসা নেয়নি। তবে এই পাঁচজনের মধ্যে রবন খাঁ (৭২) নামে একজনের ক্যানসার ছিল এবং শিশু তিনটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, মাস খানেক আগে কলমাকান্দা উপজেলার জামশেন গ্রামে এ রোগ দেখা দেয়। ক্রমে তা পাশের কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে। গতকাল পর্যন্ত এই রোগে উপজেলার জামশেন, নাওরিপাড়া, বেনুয়া চরপাড়া, মহিষাসুর, আনন্দপুর, শ্যামপুর, বিষমপুর, হারিকাটি, বড়খাপন ও সিধলী ১০টি গ্রামে নারী, শিশুসহ ৭৫ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এলাকাবাসীকে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়ার লক্ষ্যে স্থানীয় স্বাস্থ্য বিভাগের বিশেষ চিকিৎসক দল কাজ করছে।
ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, রোগটির লক্ষণ বসন্ত রোগের মতো। শরীরে ব্যথা, জ্বর, মাথাব্যথা, বমি ও চামড়ায় বসন্তের মতো কালচে গুটি গুটি দাগ দেখা দেয়। গুটি দাগ দেখে স্থানীয় ব্যক্তিরা এটিকে প্রথমে গুটিবসন্ত বলছিল।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরহাদ হোসেন খান বলেন, আক্রান্ত এলাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি চিকিৎসক দল কাজ করছে। দলটি আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দিচ্ছে।
জামশেন গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, চিকিৎসকেরা বাড়ি বাড়ি এসে চিকিৎসা দেওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক কমেছে।